দর্শনা-জয়নগর চেকপোস্টে আটকা অনেক ভ্রমণকারী
ভারত থেকে আসা বাংলাদেশ ও ভারতীয় পাসপোর্টধারী অনেক ভ্রমণকারী চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট আটকা পড়েছেন। অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে তাঁরা গন্তব্যস্থলে যেতে পারছেন না। ধর্মঘটের কারণে এক সপ্তাহে ভ্রমণকারী কমেছেন তিন হাজার।
গতকাল মঙ্গলবার দুপুরে ভারত থেকে আসা ভ্রমণকারীদের দুর্ভোগ পোহাতে দেখা যায়। দর্শনা জয়নগর চেকপোস্টে বসে পাসপোর্টধারী অন্তত ২০ জন যাত্রীর কথা হয় এই প্রতিবেদকের। দর্শনায় পৌঁছানোর পরও কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারছেন না।
দর্শনা জয়নগর চেকপোস্টের অভিবাসন শাখার (ইমিগ্রেশন) উপপরিদর্শক (এসআই) শেখ মাহবুব হোসেনের কক্ষে বসে কথা হয় মুন্সিগঞ্জ জেলার রিকাবি বাজার এলাকার ব্যবসায়ী জাহিদুল হাসানের (৪৬) সঙ্গে। তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান। কলকাতায় চিকিৎসক দেখিয়ে ভারতের গেদে চেকপোস্ট হয়ে দর্শনায় আসেন। দুপুরে পৌঁছানোর পর জানতে পারেন যে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। তিনি বলেন, ভারতে যাওয়ার দিন দর্শনার একটি পরিবহন কাউন্টারে ঢাকা পর্যন্ত টিকিট বুক করা ছিল। কাউন্টার মাস্টার জানিয়ে দিয়েছেন, ধর্মঘট প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাড়ি চলবে না।
চেকপোস্ট চত্বরে কথা হয় ভারতের নদীয়া জেলার হাসখালী থানার বগলা কলেজ পাড়ার রতন কুণ্ডু (৫৩) ও উত্তর চব্বিশ পরগনা জেলার বিজয়পুর থানার কাঁচরাপাড়া গ্রামের সুব্রত দাসের (৩২) সঙ্গে। তাঁরা আত্মীয়ের বাড়ি মাগুরা ও কুষ্টিয়ায় যাওয়ার জন্য আসেন। কিন্তু বাংলাদেশের মাটিতে পা রেখেই বিপাকে পড়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দর্শনায় কোনো আবাসিক হোটেল নেই। যেসব ভ্রমণকারী নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন না, তাঁরা মোটরচালিত রিকশা-ভ্যানে চেপে অথবা ইজিবাইকে চুয়াডাঙ্গা শহরের আবাসিক হোটেলে উঠছেন।
চেকপোস্টের অভিবাসন শাখার হিসাব অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই চেকপোস্ট হয়ে বাংলাদেশ থেকে ৪১৪ জন যাত্রী ভারতে গেছেন এবং ৪৪৫ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে এসেছেন।
অভিবাসন শাখার এসআই শেখ মাহবুব হোসেন জানান, ভারত থেকে বাংলাদেশে আসা ভ্রমণকারীদের ৯০ শতাংশেরই বাড়ি দূরদূরান্তের জেলায়। যাঁদের একটি অংশ ট্রেনে করে নিকটস্থ জেলা বা স্টেশনে গেলেও বাকিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক প্রশ্নের উত্তরে শেখ মাহবুব বলেন, পরিবহন ধর্মঘট চলাকালে গত এক সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে মোট ৬ হাজার ২৭৭ ভ্রমণকারী যাতায়াত করেছেন। অথচ তার আগের এক সপ্তাহে যাতায়াত করেছেন ৯ হাজার ৪৮৩ জন।