ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী বাজার থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণে মধুমতি নদীর কোল ঘেঁষে গড়ে তোলা হয়েছে বীরশ্রেষ্ঠ আবদুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।এই জাদুঘর এখন মধুমতির ভাঙনের ঝুঁকিতে রয়েছে। ভাঙনের কারণে যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় এবং বীরশ্রেষ্ঠর তেমন কোনো স্মৃতিচিহ্ন না থাকায় এখানে দর্শনার্থী তেমন আসে না। বিদ্যুতের সংযোগ নেই এই জাদুঘরে।ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগরে ২০০৮ সালের ২৮ মে গড়ে তোলা হয় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রন্থাগারে বইগুলো এলোমেলো করে সাজানো। পুরোনো পত্রিকাগুলো স্তূপ করে চরম অবহেলায় ফেলে রাখা হয়েছে। বই রাখার জন্য ১৪টি আলমারির মধ্যে চারটির সামনের দিকে কাচ নেই, তাই বই রাখায় সমস্যা হচ্ছে। আর বীরশ্রেষ্ঠর স্মৃতিচিহ্ন বলতে রয়েছে একটি চীনামাটির বাটি ও গ্লাস।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রন্থাগারে চার হাজার ৪০টি বই রয়েছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন পাঠক আসে। অধিকাংশই সংবাদপত্রের পাঠক। বাড়িতেও পড়ার জন্য বই দেওয়া হয়। কিন্তু তারা গল্প ও উপন্যাসের বই বেশি পড়ে।গ্রন্থাগারিক মুন্সী সাইদুর রহমান জানান, গ্রন্থাগার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে। জাদুঘরে স্থায়ী ভিত্তিতে একজন নৈশপ্রহরী ও একজন পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।কামারখালী থেকে জাদুঘরে যেতে গন্ধখালী এলাকায় সড়কটি নদীভাঙনের কবলে পড়েছে। এ ছাড়া জাদুঘরের দক্ষিণ দিকে নদীভাঙন মাত্র ২০০ গজের মধ্যে চলে এসেছে। এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করে বলেন, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে জাদুঘরটি বিলীন হয়ে যেতে পারে।বিদ্যুৎ-সংযোগের ব্যাপারে ফরিদপুর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী প্রকৌশলী ইউসুফ তারেক সিকদার জানান, ওই এলাকায় জরিপের কাজ চলছে। ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল মতিন সরকার জানান, জাদুঘরের কাছের ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, জাদুঘরে নৈশপ্রহরী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের চেষ্টা চলছে। এ ছাড়া জাদুঘর কমপ্লেক্সের সৌন্দর্য বাড়াতে পাঁচ লাখ টাকার একটি কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। বীরশ্রেষ্ঠ আবদুর রউফ ১৯৭১ সালের ১৮ এপ্রিল চট্টগ্রামে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন।