দর্শনার্থী টানছে মগনামা জেটিঘাট

সাগরের খোলা হওয়া আর ঝাউবনের অপরূপ দৃশ্য দেখতে কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এই জেটিঘাট দিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল পার হয়ে কুতুবদিয়া উপজেলার মানুষজন যাতায়াত করেন। জেটিঘাটে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমান। বিশেষ করে ছুটির দিনে মানুষের ভিড় বেড়ে যায়। এই ঘাট থেকে সূর্যাস্তের দৃশ্যও উপভোগ্য হয়ে ওঠে দর্শনার্থীদের কাছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মগনামা জেটিঘাট দর্শনার্থীতে ঠাসা। কেউ সাগরের পানিতে নেমেছেন। আবার কেউ জেটিঘাটের পাশে সৃজিত প্যারাবনে গিয়ে ছবি তুলছেন।
কথা হয় ঘাটে বেড়াতে আসা কয়েকজনের সঙ্গে। এখানে স্থায়ী বিনোদনকেন্দ্র গড়ে তোলার দাবি জানান তাঁরা। চট্টগ্রামের একটি সামাজিক সংগঠনের কর্মকর্তা বলেন, ‘ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসি। কিন্তু পেকুয়া উপজেলায় বিনোদনের কোনো জায়গা নেই। তাই এখানে বেড়াতে এসেছি। এখানে সরকারি বা বেসরকারি উদ্যোগে একটি বিনোদনকেন্দ্র করা হলে ভালো হয়।’
ব্যাংক কর্মকর্তা মো. সোহরাব বলেন, যাঁরা বিভিন্ন কারণে কক্সবাজার যেতে পারেন না, অল্প সময় ও স্বল্প খরচে তাঁদের জন্য বিনোদনের উপযুক্ত জায়গা মগনামা জেটিঘাট। জেটিঘাটের আশপাশের জায়গাটি সংস্কার করে বিনোদন ও পিকনিক স্পটে পরিণত করা যায়।
মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরাফত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘মগনামা জেটিঘাট অপরূপ সৌন্দর্যে ঘেরা। এখানে কয়েকটি রেস্টুরেন্ট ও জেটিঘাটের দুই পাশে কিছু ছাতা ও চেয়ার বসানো হলে ভ্রমণপিপাসু মানুষ একটু বিশ্রাম নিতে পারবেন। জেটিঘাটটি পর্যটন স্পট হলে কুতুবদিয়া ও পেকুয়া উপজেলার মানুষ একটি বিনোদনকেন্দ্র পাবেন। বিষয়টি উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় উপস্থাপন করা হবে।
জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান প্রথম আলোকে বলেন, ‘মগনামা জেটিঘাট বিনোদনকেন্দ্র হওয়ার উপযুক্ত। জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ইতিমধ্যে বেসরকারিভাবে উদ্যোগ নিতে কয়েকজনকে উৎসাহিত করেছি। তাঁরা বিষয়টি ভেবে দেখছেন। এ রকম কোনো উদ্যোক্তা এগিয়ে এলে উপজেলা প্রশাসন থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।’