নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিমানের যাত্রী ছাড়া টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সে সঙ্গে চেকিং ও পুরো বিমানবন্দর এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। গতকাল শনিবার থেকে ওই নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিনই নভোএয়ার ও ইউএস বাংলার দুটি করে ও বাংলাদেশ বিমানের একটি করে ফ্লাইট ওঠানামা করছে। দেশে সাম্প্রতিক জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে এই বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়।
সৈয়দপুর বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় সিভিল এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা কাজ করছেন। একই সঙ্গে পুলিশ ও আনসার বাহিনী ও অন্যান্য সংস্থার লোকজন সহযোগিতা করছেন। টার্মিনাল ভবনে বিমানের যাত্রী ছাড়া দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। লাউড স্পিকারে প্রবেশের নিষেধাজ্ঞা প্রচার করা হচ্ছে। যাত্রীসহ সবার গতিবিধি সিসি ক্যামেরায় মনিটরিং করা হচ্ছে ও সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিমানবন্দর ব্যবস্থাপক শাহীন আহমেদ বলেন, বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। উন্নত মানের স্ক্যানার মেশিনে যাত্রীদের লাগেজ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সৈয়দপুর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, গুলশানের হামলার পর থেকে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।