দর্শনার্থীদের উপস্থিতি ও বই বিক্রি নিয়ে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে একুশে বইমেলার পরিসর বাড়লেও দর্শনার্থীদের উপস্থিতি সন্তুষ্ট করতে পারেনি প্রকাশকসহ বই বিক্রেতাদের। তাঁরা বলছেন, বইমেলার প্রচার-প্রচারণাও কম হয়েছে। গতকাল সোমবার মেলার সমাপনী দিনেও লোকসমাগম তেমন ছিল না।
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি নগরের মুসলিম ইনস্টিটিউট চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনারে একুশে বইমেলা শুরু হয়। গতকাল বিকেলে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, দু-একটি ছাড়া প্রায় প্রত্যেকটি স্টল ছিল ফাঁকা।
প্রকাশনা প্রতিষ্ঠান দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বিক্রয় নির্বাহী রাহুল মজুমদার প্রথম আলোকে বলেন, মেলায় বই বিক্রির সংখ্যা সন্তোষজনক নয়।
নন্দন বই ঘরের সুব্রত চৌধুরী ও খড়িমাটি প্রকাশনের মোহন দাশ বলেন, মেলায় দর্শনার্থী ও পাঠকদের ভিড় ছিল না বললেই চলে। ফলে বিক্রিও তেমন হয়নি। একই কথা বলেছেন বলাকা প্রকাশনের কর্মী নাজিম উদ্দিন।
গতকাল মেলায় আসা আবদুল্লাহ আল হাসান ও মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, আরও পরিকল্পিতভাবে মেলার আয়োজন করা উচিত ছিল।
মুসলিম ইনস্টিটিউট চত্বরে গতকাল বিকেলে বইমেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে সিটি করপোরেশন। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ ও কাউন্সিলর নাজমুল হক।
মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে বেশ কয়েকটি বইমেলা অনুষ্ঠিত হয়। তবে আগামী বছর থেকে সিটি করপোরেশনের উদ্যোগে একটি বইমেলা আয়োজনের চিন্তাভাবনা রয়েছে। এবারের তুলনায় আরও বড় পরিসরে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে করপোরেশনের। এ জন্য লেখক, প্রকাশক, উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করা হবে।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বই প্রকাশের সংখ্যার বিবেচনায় বাতিঘর, অ্যাডর্ন ও শব্দশিল্প প্রকাশনকে পুরস্কৃত করা হয়েছে। স্টলের সজ্জার জন্য পুরস্কার পেয়েছে আবির, বলাকা ও মাইজভাণ্ডারী প্রকাশন। সমাপনী অনুষ্ঠানে প্রকাশনা সংস্থা ও স্টলগুলোর কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন মেয়র নাছির ।