সকাল ১০টায় সায়েদাবাদ শিশুপার্কটির কাউন্টার খোলার পর এক ঘণ্টায় টিকিট বিক্রি হয়েছে মাত্র চারটি। চারজনের মধ্যে দুজন তরুণ-তরুণী। এসেছেন গল্প করতে। বাকি দুজন অপেক্ষা করছিলেন। আরও কয়েকজন এলে রাইডে উঠবেন। এরপর শুধু অপেক্ষা আর অপেক্ষা। বেলা তিনটা পর্যন্ত সব মিলিয়ে টিকিট বিক্রি হলো ৩৫টির মতো।
চিত্রটি গত বুধবারের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসডিসি) এলাকায় বেসরকারি একমাত্র এই শিশুপার্কটি সায়েদাবাদ বাস টার্মিনালের কাছে। পার্কটি ওয়ান্ডারল্যান্ড নামের একটি বেসরকারি কোম্পানির অধীন হলেও এলাকায় পরিচিত ‘সায়েদাবাদ শিশুপার্ক’ নামে। গত প্রায় পাঁচ বছরে পার্কে বেড়াতে আসা দর্শনার্থীর সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। এর প্রধান কারণ এলাকায় যানজট, রাস্তার কাদামাটি, বৃষ্টি হলে জলাবদ্ধতা।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে ওই এলাকায় গিয়ে শিশুপার্কটি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সামান্য দূর থেকেও সাইনবোর্ড দেখা যাচ্ছিল না। সাইনবোর্ডটি ঢাকা পড়েছে গুলিস্তান-যাত্রাবাড়ী উড়ালসড়কের স্তম্ভ, সামনের রাস্তায় চলা যানবাহন আর আবর্জনার স্তূপের আড়ালে।
শিশুপার্কে প্রায় সাত বছর ধরে চাকরি করছেন এক যুবক। নাম জানাতে চান না তিনি। বললেন, যে সময়টায় তিনি যোগদান করেছিলেন, তখন শুক্রবার ও ছুটির দিনগুলোতে কমপক্ষে এক হাজার টিকিট বিক্রি হতো। পার্কে আসত অনেক শিশু-কিশোর। এখন ছুটির দিনে এদের সংখ্যা পাঁচ শ ছাড়ায় না। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত তিনি কাউন্টারে ছিলেন। এ সময়ে ৪০ জনের মতো দর্শনার্থী আসেন। জানা যায়, ওই দিন রাত আটটা পর্যন্ত সব মিলিয়ে এক শর বেশি টিকিট বিক্রি হয়নি।
হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, এখানে উড়ালসড়ক নির্মাণ শুরুর সময়েই শিশু-কিশোর বা বড়দের আসার আগ্রহ কমতে থাকে। এর প্রধান কারণ ধুলাবালি আর কাদামাটি। এখন যানজট ও ভাঙা রাস্তা আর বাইরের আবর্জনাময় অস্বাস্থ্যকর পরিবেশের কারণে দর্শক অর্ধেকেরও নিচে নেমে গেছে। পার্কটির প্রবেশমূল্য জনপ্রতি ৫০ টাকা এবং প্রতিটি রাইডের টিকিট ৩০ টাকা। এখানে রাইড আছে ১০টি।
বুধবার বেলা সাড়ে ১১টায় দেখা গেল পার্কের ভেতরের সব রাইড খালি। কর্তব্যরত কর্মচারীরা চেয়ারে বসে অপেক্ষা করছেন। তাঁরা বললেন, বিকেলের আগে বেশির ভাগ সময়ই অনেকটা এভাবেই বসে থাকতে হয়। একেকটি রাইডে আসন রয়েছে ১৬টি। কিন্তু দু-তিনজন হলেও তাঁরা যন্ত্র চালিয়ে দেন। কারণ, একসঙ্গে এর বেশি দর্শনার্থী পাওয়া যায় না।
দুপুর ১২টার দিকে দেখা গেল, পার্কের বাইরে উড়ালসড়কের নিচে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। পাঁচ মিনিটের মধ্যে পার্কের সামনে দিয়ে চলে গেল গাজীপুর-সায়েদাবাদ রুটের বলাকা সার্ভিস, আবদুল্লাহপুর-মদনপুর রুটের হিমালয় ট্রান্সপোর্ট, গুলিস্তান-তারাব রুটের নামহীন বাস, মিরপুর-যাত্রাবাড়ী রুটের শিকড় পরিবহন। পাশে বিশাল আকৃতির কাভার্ড ভ্যান শেরেবাংলা কার্গো সার্ভিস।
এলাকার চায়ের দোকানি ফজল উদ্দিন বলেন, ‘এই কয়টা বাস দেইখ্যা অবাক হইবার কিচ্ছু নাই। এইখানে ঘণ্টার পর ঘণ্টা যানজট বাইধ্যা থাকে।’ ফজল উদ্দিনের মতো এলাকার অনেক দোকানি ও বাসিন্দার মতে, উড়ালসড়ক ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা দূর না করা পর্যন্ত শিশুপার্কটির হাল এ রকমই থাকবে।
পার্কের হিসাবরক্ষক রফিকুল ইসলাম বলেন, শুধু অব্যবস্থাপনা নয়, রাতের বেলায় ট্রাকগুলো এতই বেপরোয়াভাবে চলাচল করে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। কয়েক দিন আগে একটি ট্রাকের বেপরোয়া চালনার জন্য পার্কের সীমানাদেয়ালের অংশ ভেঙে গেছে।
যোগাযোগ করা হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, উড়ালসড়ক নির্মাণের পর থেকে এই শিশুপার্কটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ বিষয়ে তাঁরাও অবগত। রাস্তাঘাটসহ সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে করপোরেশনের পুরকৌশল ও আইন বিভাগ কাজও করছে। ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করা হবে।