দর্শনায় আ.লীগ বিএনপির একক প্রার্থী ঘোষণা
চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মতিয়ার রহমান আওয়ামী লীগের মনোনীত এবং পৌর বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম বিএনপির মনোনীত প্রার্থী হয়ে গণসংযোগ চালাচ্ছেন। গত সোমবার বিকেলে জেলা বিএনপির সহসভাপতি মোজাম্মেল হক মোল্লার সভাপতিত্বে দর্শনা পৌর বিএনপির বিবদমান তিনটি পক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মহিদুল ইসলামকে মনোনীত করা হয়। এদিকে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানকে আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় কমিটির সদস্যরা দর্শনার চেয়ারম্যান বাজারে এক বৈঠকে মতিয়ার রহমানকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে দর্শনা পৌরসভার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার ঘোষণা দেন।