দর্শনায় আজ শুরু হচ্ছে আট দিনের নাট্যমেলা
চুয়াডাঙ্গার দর্শনা পৌর মাঠে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আট দিনব্যাপী অনির্বাণ একুশে নাট্যমেলা ২০১৭। প্রথম আলোর সহযোগিতায় এই আয়োজনে বাংলাদেশ ও ভারতের একাধিক নাটকের দল ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে।
দর্শনার সাংস্কৃতিক সংগঠন ‘অনির্বাণ থিয়েটার’ ২৫ বছর ধরে এ নাট্যমেলার আয়োজন করছে। এবারের স্লোগান ‘একুশের ঐকতানে, আজ বাঙালী বিশ্বমানে’। এ বছর তিন মুক্তিযোদ্ধাসহ চারজনকে সম্মাননা দেওয়া হচ্ছে।
আজ সকাল আটটায় পৌর মাঠ থেকে প্রভাতফেরি বের করা হবে। পরে দর্শনা কলেজ চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হবে। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে বর্ণলিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে। সন্ধ্যা সাতটায় আনুষ্ঠানিকভাবে নাট্যমেলার উদ্বোধন করা হবে। এ সময় উপস্থিত থাকবেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর। উদ্বোধনী দিনে কলকাতার ব্যান্ড দল ‘আরশীনগর’ সংগীত পরিবেশন করবে।
আয়োজকেরা বলেন, উদ্বোধনী দিনে সকাল আটটায় এবং পরের দিনগুলোতে বিকেল চারটায় অনুষ্ঠান শুরু হবে। ২২ ফেব্রুয়ারি রাতে মঞ্চস্থ হবে দর্শনার অনির্বাণ থিয়েটার প্রযোজিত নাটক জিষ্ণু যারা। ২৩ ফেব্রুয়ারি ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির পরিবেশনায় গাজী কালু চম্পাবতী, ২৪ ফেব্রুয়ারি ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় নীলাখ্যান, ২৫ ফেব্রুয়ারি ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্রের বীরাঙ্গনার বয়ান, ২৬ ফেব্রুয়ারি কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ুধের পরিবেশনায় চক্রব্যূহ ও ২৭ ফেব্রুয়ারি একই সংগঠনের ছৌ ম্যাকবেথ পরিবেশিত হবে।
অনির্বাণ থিয়েটারের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ১৯৮৩ সালের ১৭ ফেব্রুয়ারি সাংস্কৃতিক সংগঠন অনির্বাণ থিয়েটার প্রতিষ্ঠা করা হয়। তৎকালীন সামরিক সরকার রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করলে অনির্বাণ থিয়েটার রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে নাটকের মঞ্চকে কাজে লাগায়। ১৯৯২ সালের ফেব্রুয়ারি মাসে অনির্বাণ প্রথমবারের মতো নাট্যমেলার আয়োজন করে। ২৫ বছরের ধারাবাহিকতায় এবারের একুশে নাট্যমেলা।