দর্শনায় কেরুর এমডিকে মারধর, একজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম সুদর্শন মল্লিককে শনিবার মারধর করা হয়েছে। এ ঘটনায় ওই রাতে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি আজিজুল হকসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। গতকাল রোববার প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আজিজুল হকসহ ছয়জনকে বরখাস্ত করেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শনিবার সকাল পৌনে নয়টায় আজিজুল হকের নেতৃত্বে আসামিরা এমডির অফিস কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে ও তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাঁরা আসবাব ভাঙচুর ও ফাইলপত্র তছনছ করেন এবং এমডিকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। এতে তাঁর মাথা ফেটে যায়। এ ছাড়া কিল-ঘুষি-লাথি মেরে জখম করা হয়। হামলার সময় আসামিরা এমডির দুটি মুঠোফোন ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যান। এদিকে গতকাল রোববার কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মকর্তারা বেলা ১১টায় কালো ব্যাজ ধারণ ও কোম্পানি চত্বরে মৌন মিছিল করেন। এমডি এস এম সুদর্শন মল্লিক অভিযোগ করেন, মৌলভীবাজার পণ্যাগারের ইনচার্জকে বদলি করায় ক্ষুব্ধ হয়ে তিনি তাঁর অনুসারীদের নিয়ে হামলা করেছেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, শনিবার রাতে এজাহারভুক্ত আসামি সৌমিক হাসানকে ঝিনাইদহ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদের ধরার চেষ্টা চলছে।