দর্শনায় জাল ভিসাসহ চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা শুল্কবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় গতকাল শুক্রবার সকালে অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশ ভারতীয় জাল ভিসাসহ চার বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে।
ইমিগ্রেশন পুলিশ ওই চার যুবক ও দুই দালালকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা করেছে।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন নোয়াখালী সদর উপজেলার পশ্চিম ইয়াজবালিয়া গ্রামের মিজানুর রহমান (৩০), সুধারাম উপজেলার শিবপুর গ্রামের মানিক হোসেন (৩০), মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামের শফিকুল ইসলাম (৩০) ও মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর মহাখালী গ্রামের বাবুল দেওয়ান (২৫)।
গ্রেপ্তার হওয়া চারজন জানান, তাঁদের বাড়ি ভিন্ন ভিন্ন জায়গায় হলেও আবুধাবিতে একত্রে চাকরির সুবাদে প্রত্যেকেই পূর্বপরিচিত ছিলেন।
দামুড়হুদা থানা হেফাজতে মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা উজবেকিস্তানে চাকরির জন্য ভিসা সংগ্রহ করতে ভারতের দিল্লিতে যাচ্ছিলেন। সেখানে উজবেকিস্তানের দূতাবাস থেকে ভিসা সংগ্রহের কথা ছিল। এ জন্য সহকর্মী শফিকুল ইসলামের বড় ভাই রফিকুল ইসলাম ও ঢাকার খিলগাঁওয়ের দীননাথ ইসলাম ওরফে বাদশার মাধ্যমে ভিসা করা হয়। এ জন্য চারজনকে ৩০ হাজার টাকা করে এক লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। অথচ দর্শনা অভিবাসন পুলিশের হাতে ধরা পড়ার পর তাঁরা জানতে পেরেছেন, ভিসাগুলো ভুয়া ছিল।