দর্শনায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৩০ জন আহত
চুয়াডাঙ্গার দর্শনা রেলওয়ে জংশনের কাছে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী যাত্রীবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে ৩০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। ট্রেনের চালক আবুল হোসেন প্রথম আলোকে জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী যাত্রীবাহী ট্রেন মহানন্দা এক্সপ্রেস বেলা একটা ৩৪ মিনিটে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে দর্শনার উদ্দেশে রওনা হয়। দর্শনা রেলওয়ে জংশন থেকে খুলনা রেললাইনে প্রবেশের আগে নিয়মিত সংকেত দেওয়ার কথা থাকলেও সেখানে কোন সংকেত দেওয়া হয়নি। এর বদলে পেপারলাইন ক্লিয়ার (পিএলসি) দিলে ট্রেনটি একটা ৫৫ মিনিটে ধীর গতিতে চলতে থাকে। এ সময় ইঞ্জিন ও একটি বগি খুলনা লাইনে উঠলেও বাকি সাতটি বগি কলকাতা লাইনে উঠে পড়ে। এতে মুহূর্তের মধ্যে ট্রেনের আটটি বগির মধ্যে পাঁচটিই বিকট শব্দে লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনের পরিচালক এনামুল হক জানান, কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনের যাত্রীরা জানান, এ সময় আতঙ্কে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় চুয়াডাঙ্গার ওপর দিয়ে যাওয়া রেলপথে সারা দেশের সঙ্গে খুলনার যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা, রাজশাহী ও গোয়ালন্দ থেকে খুলনাগামী ট্রেনগুলোকে চুয়াডাঙ্গায় এসে যাত্রাবিরতি করতে দেখা যায়। সন্ধ্যা সাতটার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসার পর লাইনচ্যুত বগিগুলোর উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনার ব্যাপারে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সহিদুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহিদুল ইসলাম জানান, রাত ১২টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।