দর্শনায় দুই সাংবাদিককে যুবলীগের মারধর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনায় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কমিশনার জয়নাল আবেদিনসহ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা গত মঙ্গলবার ও গতকাল বুধবার দুই সাংবাদিককে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার সাংবাদিকেরা হলেন দৈনিক আমাদের সময় ও আঞ্চলিক দৈনিক প্রভাতফেরীর সাংবাদিক ইয়াসির আরাফাত এবং দৈনিক মানবজমিন-এর দামুড়হুদা উপজেলা সংবাদদাতা মাহমুদ হাসান।৭ ফেব্রুয়ারি যশোর থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক প্রভাতফেরীতে ‘৭০ লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে দায়িত্ব নিলেন দর্শনার পৌর মেয়র’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের জের ধরে ইয়াসির আরাফাতকে মারধর এবং তাঁর পকেট থেকে ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইয়াসির আরাফাত দর্শনা শহরের কেরুজ ক্যানটিনে নাশতা করছিলেন। এ সময় যুবলীগের নেতা জয়নাল আবেদিন ও দলীয় কর্মী হুকুম আলী তাঁকে ক্যানটিন থেকে বের করে জ্বালানি কাঠ দিয়ে বেধড়ক পেটান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে। ইয়াসির আরাফাতকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ইয়াসির আরাফাতের ওপর হামলার ঘটনায় গতকাল বুধবার সাংবাদিকেরা দর্শনা প্রেসক্লাবে বৈঠক করে ঘটনার নিন্দা জানান ও দোষীদের শাস্তি দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দর্শনা শহরের পুরাতন বাজার এলাকায় যুবলীগের নেতা জয়নাল আবেদিনের উপস্থিতিতে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা মানবজমিন-এর সাংবাদিক মাহমুদ হাসানকে মারধর করেন।যুবলীগের নেতা জয়নাল আবেদিন দাবি করেন, পত্রিকায় পৌরসভার আর্থিক বিষয় নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু তিনি তা না জানিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি ক্যানটিনের দেয়ালে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছেন। তাঁকে মারধর করার অভিযোগ সঠিক নয়।দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রুবেল হোসেনের দাবি, হামলাকারীরা ছাত্রলীগের কেউ নয়।দর্শনা পৌরসভার মেয়র মহিদুল ইসলাম বলেন, প্রকাশিত খবরে সঠিক তথ্য পরিবেশিত হয়েছে। দায়িত্ব নেওয়ার সময় তাঁর কাছে যে হিসাব উপস্থাপন করা হয়েছে, তাতে পৌরসভার ৭০ লাখ টাকার ঋণ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।দর্শনায় কর্মরত সাংবাদিকসহ একাধিক সূত্র জানায়, ৬ ফেব্রুয়ারি দর্শনা পৌরসভার নবনির্বাচিত মেয়র বিএনপির নেতা মহিদুল ইসলাম প্যানেল মেয়র কাজল আহমেদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় মেয়র সাংবাদিকদের জানান, দর্শনা পৌরসভার বর্তমানে ৭০ লাখ টাকার ঋণ রয়েছে।দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, সাংবাদিক ইয়াসির আরাফাত ও মাহমুদ হাসানের লাঞ্ছিত হওয়ার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।