দর্শনায় পর্দা উঠল অনির্বাণ একুশে নাট্যমেলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনায় বর্ণিল আয়োজনে শুরু হয়েছে ‘অনির্বাণ একুশে নাট্যমেলা ২০১৭’। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পৌর মাঠের উৎসব মঞ্চে আট দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগর টগর।
দর্শনার অনির্বাণ থিয়েটার তাদের ৩৪ বছর পূর্তি ও নাট্যমেলার ২৬ বছরে পদার্পণ উপলক্ষে ‘একুশের ঐকতানে, আজ বাঙালি বিশ্বমানে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের উৎসবের আয়োজন করেছে। উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলী আজগর বলেন, মফস্বল শহরে প্রতিবছর এ ধরনের নাট্যমেলার জন্য সদিচ্ছা ও সৎ সাহসের প্রয়োজন।
তিনি বলেন, অনির্বাণ থিয়েটারের কর্মীরা ২৫ বছর ধরে প্রমাণ করছে তাঁদের সদিচ্ছা ও সৎ সাহস দুটোই আছে। সংস্কৃতি লালনে এ ধরনের সংগঠনকে পৃষ্ঠপোষকতা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি নিজের সন্তানকে সংস্কৃতিকর্মী হিসেবে গড়ে তুলতে হবে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে এ দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে।
দীর্ঘ ২৫ বছরের ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার দর্শনা পৌর শহরের বর্ণিল এই আয়োজনকে ঘিরে চারদিকে সাজ সাজ রব পড়ে যায়। শহরের গুরুত্বপূর্ণ স্থান বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায়। উৎসবস্থল ও আশপাশের ভবনগুলোকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়। উৎসব মঞ্চকে ঘিরে বসে গ্রামীণ মেলা।
সন্ধ্যা সাড়ে সাতটায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আলী আজগর। উদ্বোধন শেষে উৎসব মঞ্চে অনির্বাণ থিয়েটারের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন অনির্বাণের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬-এর অধিনায়ক লে. কর্নেল আমির মজিদ, অনির্বাণের উপদেষ্টা মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও দর্শনা পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান।
উদ্বোধন অনুষ্ঠানসহ রাতে ভারতের কলকাতার আরশীনগর ব্যান্ড দলের পরিবেশনা বিপুলসংখ্যক দর্শক একসঙ্গে উপভোগ করেন। সংগীত পরিবেশন করেন তীর্থ ও তাঁর সঙ্গীরা।
আজ বুধবার রাতে অনির্বাণ থিয়েটার প্রযোজিত নাটক জিষ্ণু যারা মঞ্চস্থ হবে।