দর্শনীয় স্থান হচ্ছে সড়কটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কটিকে নগরীর অন্যতম দর্শনীয় স্থান হিসেবে গড়ে তুলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ধাপে ধাপে চলছে সড়কটির উন্নয়ন ও সৌন্দর্য বাড়ানোর কাজ। প্রায় ১০০ ফুট প্রস্থের এই সড়কটিকে আগামী ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে দর্শনীয় স্থান হিসেবে ঘোষণার পরিকল্পনা করছে ডিএনসিসি।
সড়কের ওপরে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ডের কারণে মাস দুয়েক আগেও তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কটি ছিল যাত্রীদের জন্য বিভীষিকার মতো। অবৈধ পার্কিং ও যানজটের কারণে প্রায় এক কিলোমিটার সড়কটি পেরোতে ঘণ্টা খানেক সময় লেগে যেত। গত ১০ ডিসেম্বর ডিএনসিসি এই সড়কটিকে পার্কিংমুক্ত ঘোষণা করে। এখন ৫ থেকে ১০ মিনিটেই সড়কটি পেরোতে পারছে লোকজন।
সড়কটিকে অবৈধ ট্রাকস্ট্যান্ডমুক্ত করার পরপরই সড়কের উন্নয়নকাজ শুরু করে ডিএনসিসি। ট্রাক সরিয়ে নেওয়া হলেও দীর্ঘদিনের অযত্ন-অবহেলায় সড়কটি বেহাল হয়ে পড়েছিল। বর্তমানে ধাপে ধাপে চলছে সড়কটির উন্নয়নকাজ। কয়েক দিন আগেই শেষ হয়েছে সড়ক বিভাজক (মিডিয়ান) নির্মাণের কাজ। এরপর এ মাসের শুরু থেকে চলছে সৌন্দর্য বাড়াতে গাছ লাগানো, লোহার গ্রিল লাগানোর কাজ। একই সঙ্গে চলছে সড়কের দুই পাশে অবস্থিত স্থাপনাগুলোর দেয়াল পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। দেয়ালগুলোতে আঁকা হবে রংবেরঙের চিত্রকর্ম। এরপর করা হবে ফুটপাত সংস্কার ও সড়ক নতুন করে পিচ ঢালাইয়ের কাজ।
গতকাল রোববার দেখা যায়, সড়ক বিভাজক নির্মাণের কাজ শেষ। গাছ লাগানোর জন্য শ্রমিকেরা বিভাজকের ভেতরে কিছুদূর পরপর পিচ খুঁড়ে গর্ত করছেন। কয়েকজন জমে থাকা ইট-মাটি পরিষ্কার করছেন। এক পাশের দেয়ালে লাগানো পোস্টার তোলা ও ময়লা পরিষ্কারের কাজ করছেন দুজন শ্রমিক।
শ্রমিকদের কাজ তদারক করছিলেন ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কামরুল ইসলাম। তিনি বলেন, এ মাসের ৪ তারিখে সৌন্দর্য বাড়ানোর কাজ শুরু হয়েছে। এর মধ্যে আছে বিভাজকের কয়েক ফুট দূরত্বে পাইন ও টগরগাছ লাগানো, বিভাজকের দুই পাশে লোহার গ্রিল লাগানো। এক মাসের মধ্যে এসব কাজ শেষ করার কথা রয়েছে।
সড়কের এমন পরিবর্তনে খুশি এই পথে নিয়মিত চলাচলকারীরা। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আমানুর রহমান বলেন, ‘সড়কটি অনেক প্রশস্ত। ট্রাকমুক্ত থাকায় পার হতে বেশিক্ষণ লাগে না। কিন্তু ফুটপাতে হাঁটার উপায় নেই। সুন্দর করে দিলে আমাদেরই সুবিধা।’
গতকাল বিকেলে ডিএনসিসির প্রধান প্রকৌশলী সাঈদ আনোয়ারুল ইসলাম সড়কের উন্নয়নকাজ দেখতে আসেন। সেখানে দাঁড়িয়ে তিনি প্রথম আলোকে বলেন, সড়কটি সাজাতে পুরোদমে কাজ চলছে। গাছ লাগিয়ে, দুই পাশের দেয়ালে চিত্রকর্ম আঁকা হলে সড়কের চেহারা বদলে যাবে। হাঁটার সুবিধার্থে ফুটপাতের সংস্কার করা হবে। আগামী ২৬ মার্চ সবার অংশগ্রহণে এখানে বড় অনুষ্ঠান করার পরিকল্পনা আছে ডিএনসিসির।
২৯ নভেম্বর ডিএনসিসি কর্তৃপক্ষ এই সড়কে থাকা ট্রাক-কাভার্ড ভ্যানগুলো ট্রাকস্ট্যান্ডের ভেতরে ঢোকানোর জন্য স্থাপনা উচ্ছেদ করে।