দর্শার খালে আবার খনন পানি পেয়ে খুশি কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দর্শার খালে আবার খননকাজ চলছে। এতে খালে পানিপ্রবাহ ফিরে আসায় কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছে। এর ফলে আগামী আমন মৌসুমে সেচসংকট হবে না বলে জানিয়েছেন তাঁরা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ২০১৬ সালের ১১ মে থেকে ১৭ জুন পর্যন্ত দর্শার খালের সাড়ে ৬ কিলোমিটার অংশ খনন করা হয়। এতে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় ধরা হয়। এলজিইডির তত্ত্বাবধানে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করে। কিন্তু বিভিন্ন স্থানে খনন ঠিকমতো না হওয়ায় গত আমন মৌসুমে কাকরকান্দি ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের সাতটি গ্রামের এক হাজার কৃষকের তিন হাজার একর জমিতে সেচসংকট দেখা দেয়।
এ নিয়ে গত বছরের ৪ অক্টোবর প্রথম আলোয় ‘খাল খনন হলেও সেচ সুবিধা পাচ্ছে না কৃষক’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ ছাড়া আরও কয়েকটি জাতীয় দৈনিকে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।
সূত্র আরও জানায়, গত ১৫ জানুয়ারি থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানটির উদ্যোগে খালটির বিভিন্ন স্থানে ২ হাজার ৩০০ মিটার অংশে আবার খনন শুরু করা হয়েছে। খালের যেসব অংশে খনন শেষ হয়েছে, ইতিমধ্যে সে অংশে পানি প্রবাহিত হচ্ছে। ফলে কৃষকেরা আমন মৌসুমে খালে পানি পাবেন বলে আশা করছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ইতিমধ্যে মানিককুড়া, বরুয়াজানি, সাপমারি, বেতকুড়ি, বিজগীরিপাড়া, নয়াপাড়া ও বনকুড়া গ্রামের খালের অংশে ১ হাজার ৫০০ মিটার খনন করা হয়েছে। ফলে মানিককুড়া থেকে ভাটির দিকে অল্প করে পানি প্রবাহিত হচ্ছে।
বিজগীরিপাড়া গ্রামের কৃষক মো. আবু হানিফা বলেন, ‘দুই সপ্তাহ ধরে খালে খনন চলছে। যেসব অংশে খনন শেষ হয়েছে, সে স্থানে অল্প করে পানি ভাটিতে আসতে শুরু করেছে। এ পানি দিয়ে জমিতে সেচ দিচ্ছি।’
মো. সাইজ উদ্দিন বলেন বলেন, ‘প্রথম খননে পানি উল্টা দিকে যাইত। অহন নতুন কইরা খননে পানি অল্প কইরা অইলেও ভাটির দিকে প্রবাহিত অইতাছে।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওয়াজ করুনী বলেন, খালটি খননের সময় বিভিন্ন স্থান নরম থাকায় কাটার পরও মাটি খালে ধসে পড়ে। তাই পানিপ্রবাহে কিছুটা সমস্যা হয়। এখন খালটির বিভিন্ন স্থানে খননকাজ চলছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ-আল-মামুন বলেন, খালের বিভিন্ন স্থানে ২ হাজার ৩০০ মিটার অংশে খনন চলছে। খননের ফলে আগামী দিনে খালে পানিসংকট দেখা দেবে না। আশা করা হচ্ছে, কৃষকেরা খাল থেকে অনায়াসে সেচসুবিধা পাবেন।