সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা দলের স্থায়ী কমিটি ও ২০-দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
গতকাল বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে সাক্ষাৎ করে এসে প্রথম আলোকে খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন।
রাত সোয়া আটটার দিকে ফুলের তোড়া নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকন কার্যালয়ে যান। সেখান থেকে রাত ১০টার দিকে তাঁরা বের হন।
কার্যালয়ের ফটকে মাহবুব উদ্দিন খোকন অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সমর্থন নিয়েই বিএনপি তিনবার রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত ছিল। বিএনপি যেকোনো নির্বাচনকেই চ্যালেঞ্জ হিসেবে নেয়। তাই সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, তা দলীয় ফোরামে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াতের সমর্থকেরা ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ নয়টিতে জয়ী হয়। বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে তাঁরা সেখানে যান।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া একজন জানান, খালেদা জিয়ার কথাবার্তায় আকারে-ইঙ্গিতে মনে হয়েছে নির্বাচনে বিনা যুদ্ধে কাউকে ছেড়ে নাও দিতে পারেন।