দল ও জোটের ঐক্য রক্ষায় তৎপর বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনে নামার আগে দল ও জোটের ঐক্য ধরে রাখতে বেশি তৎপর রয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। জোটের শরিক দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিএনপিতে সংস্কারপন্থী হিসেবে বাদ পড়া বা ‘অবহেলিত’ নেতাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

একই সঙ্গে ‘একতরফা’ নির্বাচন প্রতিহত করার লক্ষ্যে আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছে বিরোধী দল। ঢাকায় আন্দোলন জোরদার করতে রাজধানীকে আটটি অঞ্চলে ভাগ করে বিএনপির আটজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন দলের নীতিনির্ধারকেরা।

বিএনপির নেতারা অভিযোগ করেন, বিএনপি ও এর নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মধ্যে ভাঙন ধরাতে নানা তৎপরতা চালাচ্ছে সরকার। এর মধ্যে জোটের শরিক ছোট কয়েকটি দলকে নির্বাচনে নিতে

কোনো কোনো নেতাকে নির্বাচনকালীন মন্ত্রিসভায় নেওয়ার টোপ দেওয়া হয়েছে বলেও বিএনপির কাছে খবর রয়েছে।

অবশ্য আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন, তাঁরা বিএনপি ও ১৮-দলীয় জোটের একটি অংশকে নির্বাচনে আনতে চেষ্টা করছেন।

এই অবস্থায় কয়েক দিন ধরে বিএনপি দল ও জোটের ঐক্য রক্ষায় তৎপরতা চালাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে এক-এগারোর সময় কথিত সংস্কারপন্থী নেতাদের সঙ্গে কথা বলেছেন। এমন কয়েকজন নেতার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাও সম্প্রতি বৈঠক করেছেন। এসব নেতা এখন বিএনপির কোনো পদে না থাকলেও বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাতে অংশগ্রহণ না করেন, তা নিশ্চিত করার জন্য মূলত বিএনপি সচেষ্ট রয়েছে। এর মধ্যে সাবেক সাংসদ নাজির হোসেন, জহিরউদ্দিন স্বপন ও সাবেক কেন্দ্রীয় নেতা মফিদুল ইসলামের (তৃপ্তি) সঙ্গে বিএনপির নেতারা কথা বলছেন।

বিএনপির শীর্ষস্থানীয় একজন নেতা বলেন, সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপিতে সংস্কারপন্থী হিসেবে পরিচিতি পাওয়া এবং বর্তমানে নিষ্ক্রিয় নেতাদের অনেককে সদ্য গঠিত রাজনৈতিক দল বিএনএফ (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট), জাতীয় পার্টি অথবা স্বতন্ত্র প্রার্থী করতে সরকার পাঁয়তারা করছে। এসব নেতার অনেকের নিজ নিজ নির্বাচনী এলাকায় রাজনীতিতে প্রভাব রয়েছে। তাই এসব নেতা এবং একই সঙ্গে জেলা পর্যায়ের দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গেও যোগাযোগ করে শুরু করেছেন বিএনপির দায়িত্বশীল নেতারা।

অবশ্য এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, বিএনপি ও ১৮-দলীয় জোট ঐক্যবদ্ধ আছে। তার পরও ঐক্য আরও সুদৃঢ় করতে সবার সঙ্গে কথা বলা হচ্ছে। এ ছাড়া নানা কারণে দলে যাঁরা কিছুটা অবহেলিত বা দূরে ছিলেন, তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে।

এলডিপি ও বিজেপিকে নিয়ে দুশ্চিন্তা: ১৮-দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি) নির্বাচনে আনতে সরকারের তৎপরতার পরিপ্রেক্ষিতে দল দুটিকে নিয়ে বিএনপি কিছুটা দুশ্চিন্তায় আছে।

সরকারের এই তৎপরতার কথা বিজেপির সভাপতি আন্দালিব রহমান ও এলডিপির একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। অবশ্য এই দুই নেতাই বলেছেন, বিজেপি ও এলডিপি বিএনপির নেতৃত্বাধীন জোটে আছেন এবং থাকবেন। জোট সিদ্ধান্ত না নিলেও শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কথা ভাবছেন না তাঁরা।

আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, বিজেপি ও এলডিপিকে পক্ষে টানার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে। এ জন্য বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে এলডিপির সভাপতি অলি আহমদ ও বিজেপির সভাপতি আন্দালিব রহমানের সঙ্গে কথাও বলেছেন।

জানতে চাইলে হাছান মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, দল দুটির সঙ্গে তাঁরা যোগাযোগ করেছেন এবং করছেন। তবে বিষয়টি গোপনীয়, তাই আলোচনার অগ্রগতি সম্পর্কে এখনই মন্তব্য করার সময় আসেনি।

এ ছাড়া বিকল্পধারা বাংলাদেশকেও নির্বাচনে আনার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা আছে। তবে দলটির সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তাঁরা মনে করেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। পাঁচটি দল নিয়ে তাঁরা একটি পৃথক জোট করছেন।

ঢাকায় আন্দোলনের দায়িত্বে আট নেতা: নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির সাম্প্রতিক ১০ দিনের হরতালে ঢাকায় দলটির নেতা-কর্মীদের তেমন কোনো তৎপরতা ছিল না। এ নিয়ে খালেদা জিয়া দলের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ভবিষ্যতে আন্দোলন জোরদার করতে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করে একেকটি অঞ্চলের জন্য একেকজন কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মতিঝিল, সবুজবাগ ও খিলগাঁও এলাকার; নজরুল ইসলাম খানকে তেজগাঁও-বনানী; আ স ম হান্নান শাহকে কাফরুল ও গুলশান; গয়েশ্বর চন্দ্র রায়কে মোহাম্মদপুর, আদাবর ও দারুস সালাম; ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে সূত্রাপুর, কোতোয়ালি, বংশাল ও ওয়ারী; যুগ্ম মহাসচিব আমান উল্লাহকে লালবাগ ও হাজারীবাগ; বরকত উল্লাকে উত্তরা, উত্তরখান ও দক্ষিণ খান এবং সালাউদ্দিন আহমদকে ডেমরা ও শ্যামপুর এলাকার দায়িত্ব দেওয়া হবে বলে আলোচনা হচ্ছে। পাশাপাশি ঢাকার বিভিন্ন আসন থেকে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির নেতাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে।

জানতে চাইলে ঢাকা মহানগর বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা বলেন, আগে বিএনপির নেতারা যাঁরা যে যে আসন থেকে নির্বাচন করেছেন এবং তাঁদের বাসা যে যে এলাকায়, তাঁদের সেসব এলাকায় আন্দোলন সংগঠিত করে জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি আরও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে সক্রিয় ভূমিকা রাখতে বলা হয়েছে।