বরগুনা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে দল গঠনের জন্য বিভিন্ন পেশাজীবী সংগঠনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্দেশনায় এসব অর্থ আদায় করছেন সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনের নেতারা।
জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, ১৭ অক্টোবর বরগুনা স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু হয়। এতে জেলার ছয়টি উপজেলা দল অংশ নিচ্ছে। এবার ইউএনও ও উপজেলা পরিষদ চেয়ারম্যানরা বিভিন্ন উপজেলায় শিক্ষক প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করে চাঁদার বিষয়টি নির্ধারণ করেন।
মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষক সমিতির জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন নেতা বলেন, এর আগে আরও তিনটি জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট হয়েছে। কিন্তু ওই সময়ে তাঁদের কোনো চাঁদা দিতে হয়নি। সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, বরগুনা সদরে এক হাজার চারজন শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ১০০ টাকা করে মোট এক লাখ চার হাজার টাকা তোলার সিদ্ধান্ত হয়েছে।
বামনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতা জানান, তাঁদের উপজেলায় শিক্ষকপ্রতি ২০০ টাকা করে চাঁদা ধার্য করা হয়েছে। অনুরূপভাবে পাথরঘাটা উপজেলায়ও ১০০ থেকে ২০০ টাকা করে আদায় হচ্ছে।
জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অপর এক নেতা জানান, বরগুনা সদর, বামনা ও পাথরঘাটায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসাপ্রতি এক হাজার টাকা করে চাঁদা ধরা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঠিকাদার সমিতি, বিভিন্ন ব্যবসায়ী, পরিবহন মালিক সমিতি, এনজিওসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও স্বাস্থ্য বিভাগ ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে অর্থ তোলা হচ্ছে।
বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন প্রথম আলোকে বলেন, ‘এবার খেলাটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় ব্যয়বহুল হচ্ছে। কারণ, পাঁচজন বিদেশি ও দুজন জাতীয় দলের খেলোয়াড়কে আমরা দলে এনেছি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আমরা সহায়তা চেয়েছি। কাউকে জোর করা হয়নি।’
বেতাগী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘শুনেছি, অন্যান্য উপজেলায় দল গঠনের জন্য চাঁদা তোলা হচ্ছে। কিন্তু আমরা কোনো পেশাজীবীদের কাছ থেকে এক টাকাও চাঁদা তুলিনি।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন গতকাল দুপুরে বলেন, দলের ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।