দল গোছাচ্ছি, উপজেলা নির্বাচনের পর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

খালেদা জিয়া বলেছেন, ‘আওয়ামী লীগকে বিদায় করতে হলে আন্দোলনের বিকল্প নেই। এখন দল গোছাচ্ছি। উপজেলা নির্বাচনের পরেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অতি দ্রুত নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু হবে।’
গতকাল শনিবার বিকেলে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে মাঠে বিএনপি আয়োজিত জনসভায় খালেদা জিয়া এ ঘোষণা দেন।
৫ জানুয়ারির নির্বাচনের পর ঢাকার বাইরে প্রথম জনসভায় খালেদা জিয়া উপজেলা পরিষদের নির্বাচনের পর আন্দোলনে নামার ঘোষণা দেন। তিনি আন্দোলনে দেশবাসীর সহযোগিতা চেয়ে বলেন, ‘আমরাও দলটাকে গোছাচ্ছি, এ কাজগুলো সারার পর সরকার যদি স্বেচ্ছায় বিদায় না নেয়, তাহলে আন্দোলন করতে হবে। আন্দোলন এবার সফল হবে, আওয়ামী লীগ বিদায় নেবে, বাংলাদেশ রক্ষা পাবে।’
জনসভায় রাজবাড়ী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থক যোগ দেন। মঞ্চে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে ১৯-দলীয় জোটের নেতারাও ছিলেন। এর আগে তিনবার রাজবাড়ীতে জনসভার তারিখ ঘোষণা করা হলেও তা করা হয়নি। এর জন্য খালেদা জিয়া বক্তব্যের শুরুতে দুঃখ প্রকাশ করেন।
জনসভায় প্রায় ৪৩ মিনিট বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন। তিনি এ সময় বর্তমান সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে তাদের বিদায় করার জন্য জনগণকে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। এর পাশাপাশি আগামী দিনে ক্ষমতায় গেলে রাজবাড়ীসহ সারা দেশের উন্নয়ন, ছাত্র-যুবকদের কর্মসংস্থান, কৃষি খাতে ভর্তুকির প্রতিশ্রুতি দেন।
খালেদা জিয়া বর্তমান সংসদকে ‘অবৈধ ও পাতানো’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আজকে সংসদ চলছে। প্রতি মিনিটে কত টাকা ব্যয় করা হয়। কিন্তু সেখানে কী হচ্ছে? তথাকথিত এ সংসদে বিরোধী দল নেই। তারা ভোটারবিহীন নির্বাচন করেছে। তাই সংসদে এভাবে জনগণের টাকা নষ্ট করার কোনো অধিকার তাদের নেই।
সরকারের গায়ে জ্বালা শুরু: বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে আসায় সরকারের ‘গায়ে জ্বালা’ শুরু হয়েছে বলে মন্তব্য করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘গত পরশু (বৃহস্পতিবার) আপনারা দেখেছেন কীভাবে কেন্দ্র দখল করে ভোট কাটাকাটি করেছে। উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের গুন্ডারা এবং প্রশাসনে তাদের দলীয় লোকরা যদি জোর করে আমাদের কর্মীদের বের করে না দিত, তাহলে কয়টা সিট পেত, হিসাব করে দেখেন! নিজেদের জায়গায়ও জিততে পারেনি।’
খালেদা জিয়া গত সিটি করপোরেশনের নির্বাচনের উল্লেখ করে বলেন, ‘মেয়র নির্বাচনে আমরা জিতেছি, জনগণ প্রমাণ করে দিয়েছে এই সরকারকে তারা আর ক্ষমতায় দেখতে চায় না। এটা উপলব্ধি করে তাদের উচিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। ঢাকা সিটি করপোরেশনকে কী মতলবে দুই ভাগে ভাগ করা হয়েছে জানি না। সাদেক হোসেন খোকা মেয়র ছিলেন, তাঁকে সরিয়ে দিয়ে প্রশাসকদের নিয়োগ করা হয়। দুই বছর ধরে মেয়র নেই, নির্বাচন দিতে তারা ভয় পায়। কারণ, ডাকাতি করে সিল মারা ছাড়া তাদের জেতা সম্ভব নয়।’
আল-কায়েদার জায়গা এ দেশে হবে না: ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির নেত্রী বলেন, আওয়ামী লীগের চরিত্র বড়ই খারাপ। নির্বাচনে যখন তাদের কোনো দেশ সমর্থন না দেয়, নির্বাচনের গ্রহণযোগ্যতা না পায়, তারা তখন সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু করে। তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, প্রতিমা ভাঙচুর ও সম্পদ লুটপাট করে। এগুলো যখন প্রকাশ হয়ে গেছে, তখন তারা ‘জঙ্গি জঙ্গি’ বলা শুরু করেছে।
খালেদা জিয়া বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে জঙ্গির কোনো জায়গা নেই। এখানে আল-কায়েদার জায়গা হবে না। বাংলাদেশের মাটি ব্যবহার করে কাউকে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।’
ময়মনসিংহে পুলিশ খুন করে তিনজন জঙ্গি নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আমরা জঙ্গিদের ধরি, আর তারা ছেড়ে দেয়। বহু কষ্টে এদের ধরা হয়েছে। তারা কীভাবে পালিয়ে গেল? এর দায়দায়িত্ব স্বঘোষিত প্রধানমন্ত্রীকে নিতে হবে। কারণ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছেন।’ তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ‘আমাদের সব নেতার ফোন রেকর্ড করেন। অথচ জঙ্গিরা জেলে বসে কীভাবে প্ল্যান করল, সেটা কেন টের পেলেন না?’
ছাত্রলীগ-যুবলীগের হাতে অস্ত্র: খালেদা জিয়া অভিযোগ করেন, ছাত্রলীগ, যুবলীগ গুন্ডাদের হাতে আজ অস্ত্র। তারা ছাত্র-পুলিশ হত্যা করছে। আর পুলিশকে দিয়ে বিএনপির নেতাদের নামে মামলা করছে। এ পর্যন্ত ৩২ হাজার নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে। আবার মামলার নামে বাণিজ্য চলছে। বিরোধী দলের নেতা-কর্মীদের বাড়ি থেকেও গুম করা হচ্ছে। তিনি দাবি করেন, গত বছরের ২৫ অক্টোবর থেকে এ বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত তিন মাসে ৩০৪ জনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হত্যা করা হয়েছে। ৬৫ জনের অধিক নেতা-কর্মীকে গুম করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা গণতদন্ত করেছি, সব রিপোর্ট আছে আমাদের হাতে।’
জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানসহ ১৯-দলীয় জোটের নেতারা।