দল গোছাতে মাঠে নামছে বিএনপি

দল গোছানোর পাশাপাশি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরালো করতে দু-এক দিনের মধ্যে শুরু হচ্ছে বিএনপির সাংগঠনিক সফর। দলের ৫৬টি প্রতিনিধিদল সারা দেশে ৭৫টি সাংগঠনিক জেলায় সফর করবে।
দলীয় সূত্র জানায়, এসব প্রতিনিধিদলের সঙ্গে গতকাল সোমবার বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলগুলো আজ থেকে সফরের প্রস্তুতি নিচ্ছে। দু-এক দিনের মধ্যে সফর শুরু হবে। ৩১ আগস্ট পর্যন্ত চলবে এই সাংগঠনিক সফর।
দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান ও সম্পাদকেরা এই সাংগঠনিক সফরে নেতৃত্ব দেবেন। এসব দল জেলায় জেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে কর্মিসভা করবে। সেই সঙ্গে ১৮ দলের স্থানীয় নেতাদের সঙ্গেও কথা বলবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনমত গঠনেও কাজ করবে এসব দল।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, আজ থেকে সাংগঠনিক সফরের প্রস্তুতি শুরু হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত সাংগঠনিক জেলাগুলোতে সফর করবে বিএনপির প্রতিনিধিদল। এই সফর আন্দোলনের অংশ। এর মাধ্যমে দলের আদর্শ, উদ্দেশ্য প্রচার করা এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবি আরও জোরালো করা হবে।