দল থেকে অব্যাহতি চেয়েছেনহাবিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র পদপ্রার্থী আহসান হাবিব বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি পদে দলের ‘বিদ্রোহী প্রার্থী’ ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হককে স্থলাভিষিক্ত করে তাঁকে প্রার্থিতা প্রত্যাহার করানোর চেষ্টা চলছে। এ চেষ্টা সফল হলে ১৫ জুনের নির্বাচনে মেয়র পদে বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। সভাপতি পদ থেকে অব্যাহতি চাওয়া নিয়ে আহসান হাবিবের বক্তব্য জানা যায়নি। তবে অব্যাহতি চাওয়ার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান বলেন, সিটি করপোরেশন নির্বাচন বর্জনের কৌশলগত সিদ্ধান্তের কারণে বিএনপির পদ-পদবিতে থেকে কেউ নির্বাচন করতে পারবেন না। তাই আহসান হাবিব অব্যাহতি চেয়ে প্রতিনিধি মারফত দলের চেয়ারপারসনের কাছে পত্র পাঠিয়েছেন। এবায়েদুল হককে ওই পদ দেওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না।’