বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী বলেছেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে নয়, ভারতের সম্পর্ক এ দেশের মানুষের সঙ্গে। বাংলাদেশে যে বিশেষ পরিস্থিতি চলছে, তা সমাধানে বিদেশি শক্তি বা বাইরের লোকের দরকার নেই। বাংলাদেশের জনগণই এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবে। যে দেশ নয় মাসে স্বাধীন করতে পারে, তারা যেকোনো চ্যালেঞ্জ নিতে পারে।
ঢাকেশ্বরী মন্দিরের মেলাঙ্গনে গতকাল শুক্রবার বিকেলে ‘বিজয়া সম্মেলন-২০১৩’-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মহানগর সর্বজনীন পূজা কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে সন্দ্বীপ চক্রবর্তী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা হচ্ছে আত্মীয়ের। এই সম্পর্কে দায় এবং দায়িত্ব থাকে। তবে আমার স্বীকার করতে দ্বিধা নেই, অনেক সময় এই দায়িত্ব পালনে আমরা বিফল হয়েছি।’
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম আনা বলেছেন, বাংলাদেশে এখন যা চলছে, তা গণতন্ত্রের জন্য একটি পরীক্ষা। ইইউ বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। ইইউ কখনোই রাজনৈতিক সহিংসতার পক্ষে নয়।
বাসুদেব ধরের সভাপতিত্বে সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজা-পরবর্তী এই সম্মেলন।