দল না গুছিয়ে নিয়ে আন্দোলন করলে সাত গোল খাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। দল গোছানোর আগে বিএনপি যদি আন্দোলনের নামে নৈরাজ্য করে তবে জনগণের কাছে সাত গোল খেয়ে পরাজিত হবে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
২০০৭ সালের এই দিনে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছিল। তখন থেকে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্র অবরুদ্ধ দিবস’ হিসেবে পালন করে আসছে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচনের জন্য পাঁচ বছর অপেক্ষা করুন। আগামী ২০১৯ সালের আগে এ দেশে কোনো নির্বাচন হবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন আলোচনা করে কোনো লাভ নেই। অযথা সময় নষ্ট হবে।’
খালেদা জিয়াকে দল গোছানোর পরামর্শ দিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম বলেন, ‘এমন দল আপনি করেছেন, বিপদের সময়ে দলের নেতারা থাকেন না। বিপদের সময়ে ছাত্রলীগ সব সময় মাঠে থেকেছে। কিন্তু আপনার ছাত্রদলকে কোথাও খুঁজে পাওয়া যায় না।’
ছাত্রলীগের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে যারা অপকর্ম করে বেড়ায়, তাদের দায় সবাই নেবেন না। দলে খারাপ কেউ থাকলে তাদের বাদ দিয়ে দিন।’
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী প্রমুখ।