রাজনৈতিক দলের নিবন্ধনে কিছু শর্ত যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশে আনা সংশোধনী কেন সংবিধান বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।দলের নিবন্ধনের জন্য নতুন শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। গতকাল এর ওপর শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গরীব নেওয়াজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।পরে খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলোকে বলেন, আদালত তিন সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন।যোগাযোগ করা হলে আইনজীবী গরীব নেওয়াজ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে ২০০৯ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে এবং চলতি বছর রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়। গত ২৩ অক্টোবর ইসি আগ্রহী দল থেকে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি দেয়। এসবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। গরীব নেওয়াজ বলেন, সংশোধিত শর্তে দলের নিবন্ধনের জন্য এক-তৃতীয়াংশ জেলায় কার্যকর জেলা দপ্তর এবং ন্যূনতম ১০০ উপজেলা বা থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলা বা থানায় অন্তত ২০০ ভোটার-সংশ্লিষ্ট দলের সদস্য হিসেবে তালিকাভুক্ত—এ মর্মে প্রামাণিক দলিল থাকার কথা বলা হয়েছে। এটা সংবিধান পরিপন্থী। আদালত ওই সংশোধনী ও গণবিজ্ঞপ্তির অংশবিশেষ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।