দল নিষিদ্ধ বিএনপি সমর্থন করে না: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না। রাজনীতিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করা উচিত বলে বিএনপি মনে করে।’
আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। মহানগর বিএনপির নেতা জসিম উদ্দিনকে হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘রায়ের ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটি একটি বিচারিক ব্যাপার। এ নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। তবে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে নিষিদ্ধ করা বিএনপি সমর্থন করে না।’ সরকারের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার তাদের ব্যর্থতা, পরাজয় বুঝতে পেরে একদলীয় নির্বাচন করার চেষ্টা করছে। এখন তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার কাজ শুরু করেছে।’