দল নয়, পছন্দের প্রার্থীকেই ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল মঙ্গলবার দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ও ঘোড়াঘাট উপজেলার চারটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। প্রথমবারের মতো এবার দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ওই দুই উপজেলার বিভিন্ন কেন্দ্রে নানা বয়সী বেশ কিছু ভোটারের সঙ্গে কথা হয়। এ সময় তাঁরা বলেন, দল-মার্কা বুঝি না, যাঁকে ভালো লেগেছে তাঁকেই তাঁরা ভোট দিয়েছেন।
সকাল ৯টা ৪০ মিনিটে হাকিমপুরের বোয়ালদাড় ইউনিয়নের কাঁকড়াবালি ভোটকেন্দ্রে কথা হয় ভোট দিতে আসা সুফিয়া বেগম (৪৫), কাকলি রানী (৩২) ও সিরাজুল ইসলামের (৪২) সঙ্গে। এ সময় তাঁরা বলেন, দল নয়, তাঁরা ব্যক্তি পছন্দেই ভোট দিচ্ছেন। যাঁকে কাছে পাচ্ছেন, তাঁরাই তাঁদের পছন্দের প্রার্থী।
১০টা ৩০ মিনিটে হাকিমপুরের খাট্টা উচনা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে কথা হয় ভোট দিতে আসা ভ্যানচালক শরিফুল ইসলামের (৪২) সঙ্গে। এ সময় শরিফুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি হারা বুঝি না। চেয়ারম্যান হলে সবার চেহারাই এক হয়। কেউ হামার কথা মনোত থোয় না। তাই যাক ভাল লাগবি তাক ভোট দেমো।’
দুপুর সাড়ে ১২টার দিকে ঘোড়াঘাটের বলাহার উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হয় প্রিসাইডিং কর্মকর্তা তপন কুমার সাহার সঙ্গে। এ সময় তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। ভোটকেন্দ্রে উপস্থিত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. কবিরুল ইসলাম প্রথম আেলাকে বলেন, দল মনোনয়ন দিতে ভুল করেছিল। জনগণ তাঁর সঙ্গে রয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবেন।
বেলা দুইটার দিকে ঘোড়াঘাটের ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের কুলান্দপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে পাওয়া যায় বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহফুজার রহমানকে। এ সময় তিনি বলেন, ভোট কারচুপি না হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন।
তবে ওই দুই উপজেলায় অন্তত ১২টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, বেলা একটা পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। তবে বেলা দুইটার পর নারীদের চেয়ে ভোটকেন্দ্রে পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
এ ব্যাপারে জানতে চাইলে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহারুল ইসলাম ও ঘোড়াঘাটের ইউএনও মোছা. রোখছানা বেগম গতকাল বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন, বেলা একটা পর্যন্ত তাঁদের এখানে ৫০ শতাংশ ভোট হয়েছে।