দল নয়, প্রার্থীর যোগ্যতাকেই প্রাধান্য দিচ্ছেন ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার পাঁচটি পৌরসভায় প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বিভিন্ন দলের নেতারা উচ্ছ্বসিত। তবে অনেক ভোটার শঙ্কিত সুষ্ঠু নির্বাচন নিয়ে। অধিকাংশ ভোটার দল নয়, প্রার্থীর যোগ্যতাকে প্রাধান্য দেবেন। অনেকের পছন্দ সৎ ও মানুষের জন্য নিবেদিতপ্রাণ প্রার্থী।

নেত্রকোনা, দুর্গাপুর, মদন, মোহনগঞ্জ ও কেন্দুয়ার ভোটারদের সঙ্গে গতকাল মঙ্গলবার কথা বলে পৌরসভা নির্বাচনে তাঁদের বিভিন্ন প্রত্যাশার কথা জানা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নেত্রকোনা, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন ও কেন্দুয়ায় ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। 

 নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বলাইনগুয়া এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী সোহাগ মিয়া (১৮) পেশায় চা-বিক্রেতা। কেমন প্রার্থী চান জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, এবারের নির্বাচন দলীয়ভাবে হলেও ভোট দেব প্রার্থীদের নিজস্ব যোগ্যতা দেখেই। শহরের সাতপাই এলাকার রিকশাচালক সবুজ মিয়া বলেন, ‘ভাই, আমরা গরিবের লাইগা সব দলই সমান। সবাই টেহা খরচ করে নির্বাচন করে নিজেরা ধনী হওনের লাইগা। জনগণের জন্য কেউ ভাবে না। তবুও ভোটটা দিতে হইব মন্দের ভালো মাইনসেরে।’

দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিরিশিরি এলাকার ভোটার বকুল হাজং বলেন, ‘আমাদের এলাকা পাহাড়ি। এখানে তেমন কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, সড়কবাতি, ড্রেনেজ-ব্যবস্থা একেবারেই খারাপ। এখন পর্যন্ত পানি সরবরাহের ব্যবস্থা হয়নি। মার্কা নয়, এলাকার উন্নয়নে যে বেশি কাজ করতে পারবে তাকেই আমরা ভোট দেব।’ একই প্রত্যাশার কথা বলেন ওই এলাকার আদিবাসী প্রবীণ নারী রোজমেরি রাংসা। 

জেলার হাওরাঞ্চলের দুই পৌরসভা মদন ও মোহনগঞ্জ। মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন নতুন ভোটার আয়েশা আক্তার। তিনি বলেন, ‘আমাদের এই পৌরসভা খুবই অবহেলিত। এখানে নাগরিক-সুবিধা নেই বললেই চলে। যিনি আমাদের সুখে-দুঃখে থাকবেন তাঁকেই মেয়র হিসেবে দেখতে চাই।’

 মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট দেবেন দৌলতপুর এলাকার নারী ভোটার খুকু মণি। তিনি প্রথম আলোকে বলেন, ‘জীবনে বেশ কয়েকবার ভোট দিয়েছি। এবার প্রথম দলীয় প্রতীকে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত করতে হচ্ছে। তবে দল দেখে ভোট দেব না। প্রার্থীর সততা, ব্যক্তিত্ব ও প্রগতিশীল চিন্তার বিষয়গুলো বিবেচনা করব।’

 কেন্দুয়া পৌরসভার ভোটার অজয় পাল চৌধুরী বলেন, ‘আমরা সব সময় যাকে কাছে পাব তাকেই ভোট দেব।’ মানুষের কথা আগে থেকেই যিনি ভেবে আসছেন এমন প্রার্থীকেই ভোট দেবেন আরেক ভোটার ফজলুল হক ভূইয়া।