নওগাঁর নজিপুর পৌরসভায় শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা। ভোটাররাও যোগ্য প্রার্থীকে বেছে নিতে নানা হিসাব-নিকাশ কষছেন। পৌরসভার বিভিন্ন এলাকার বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে এমন মনোভাবের কথা জানা গেছে।
নজিপুর পৌরসভায় এবার আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিনজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল কবীর চৌধুরী নৌকা প্রতীক, নজিপুর পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও বর্তমান মেয়র আনোয়ার হোসেন ধানের শীষ এবং উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আজগর হোসেন লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিকুল ইসলাম জাফর আহমেদ বলেন, ‘অতীতে নৌকা ও ধানের শীষ প্রতীকে নির্বাচন না হলেও আমরা এলাকার মানুষ হিসেবে ভালো করেই চিনতাম কে কোনো দল করে। সে হিসেবে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের মেয়রকেই আমরা পেয়েছি। কিন্তু কোনো মেয়রই আমাদের দিকে ফিরে তাকাননি। এবার প্রার্থীর অতীত ইতিহাস, সততা ও যোগ্যতা দেখেই ভোট দিতে চাই। এতে যে দলের প্রার্থীই নির্বাচিত হোক না কেন, তাতে আমাদের আপত্তি নেই। এলাকার উন্নয়ন যে করতে পারবে, তাকেই ভোট দেব।’
৫ নম্বর ওয়ার্ডের পুইয়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম, সেকেন্দার আলী ও ছামাদ হোসেন বলেন, ‘দ্বিতীয় শ্রেণির পৌরসভা হলেও এত দিনে পানির সংযোগ পাইনি। এলাকায় নালা (ড্রেন) না থাকায় পুরো বর্ষা মৌসুমে পানির মধ্যে থাকতে হয়। আমরা নৌকা ও ধানের শীষ বুঝি না। যাঁকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে, তাঁকেই ভোট দিতে চাই।’
জানতে চাইলে বিএনপির মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘পাঁচ বছর আমি মেয়র ছিলাম। কিন্তু আমি বিএনপির সমর্থক হওয়ার কারণে বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি। এ কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও পৌরসভার তেমন উন্নয়ন করতে পারেনি। তারপরও আমি কয়েক কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। তবে আমার বিশ্বাস, আমার সততা ও যোগ্যতা নিয়ে ভোটারদের মধ্যে কোনো সংশয় নেই।’
গণসংযোগ করার সময় চক শিবরাম এলাকায় কথা হয় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল কবীর চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করি। তবে এবার প্রথম নির্বাচনে দাঁড়ালাম। এলাকার লোকজন আমাকে খুব ভালো করেই চেনেন। তাঁরা যদি আমাকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচিত করেন, তাহলে তাঁদের আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ চেষ্টা করব।’
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ পৌরসভায় মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পৌরসভায় ভোটারসংখ্যা ১৫ হাজার ৬৮৩। এর মধ্যে নারী ভোটার ৭ হাজার ৮৬৩ জন ও পুরুষ ভোটার ৭ হাজার ৮২০ জন। ভোটকেন্দ্রের সংখ্যা নয়টি।