দল বদলের সুযোগ রেখে আরপিও সংশোধন বিল পাস

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত ব্যক্তিদের সংসদ নির্বাচনের অযোগ্য ঘোষণা করে এবং রাজনৈতিক নেতাদের দল বদলের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিল-২০১৩ আজ সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। আইনমন্ত্রী শফিক আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন বিলটি গত ৩০ সেপ্টেম্বর সংসদে উত্থাপিত হয়। এরপর বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। ২৭ অক্টোবর কমিটি আইনটি সংশোধনের সুপারিশ করে প্রতিবেদন উত্থাপন করে।বিলে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতা-সম্পর্কিত ১২/জে ধারা বাতিলের সুপারিশ করা হয়েছে। এ ধারায় বলা আছে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে পূর্ববর্তী তিন বছরে নিবন্ধিত রাজনৈতিক দলে নিরবছিন্ন সদস্যপদ না থাকলে কোনো ব্যক্তি প্রার্থী হওয়ার যোগ্য হবেন না। তবে নতুন নিবন্ধিত দলের প্রার্থীদের জন্য এই বিধান প্রযোজ্য নয়। এই ধারাটি বাতিল হওয়ায় এখন সরকারি কর্মকর্তা ব্যতীত যেকোনো ব্যক্তি কোনো দলের সদস্য না হলেও সেই দল থেকে প্রার্থী হতে পারবেন।
বিশেষজ্ঞরা বলেছেন, এই আইনটি বাতিল হওয়ায় দলের গণতন্ত্র নষ্ট হবে এবং প্রকৃত রাজনৈতিক ব্যক্তিরা বঞ্চিত হবেন। একই সঙ্গে নির্বাচনে কালোটাকার দৌরাত্ম্য এবং মনোনয়ন বাণিজ্য শুরু হবে। রাজনৈতিক দলের নেতারা নির্বাচনের আগে দল বদল করে প্রার্থী হওয়ার সুযোগও পাবেন।
১২ ধারা সংশোধনের প্রস্তাবে আরও বলা হয়েছে, কোনো ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ আইনে দণ্ডিত হলে তিনি নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য হবেন। ৪৪/ই ধারায় বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সরকারের যেকোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বদলির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাতে পারবে এবং কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব তা কার্যকর করবে।
১৩ ধারায় প্রার্থীর জামানতের টাকা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এই টাকা নগদ, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। ১৬ ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, কোনো একটি আসনে একটি দল থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনের মধ্যে দল কর্তৃক লিখিতভাবে একজন প্রার্থীর নাম চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে প্যানেলের অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে।
বিলে প্রার্থীর নির্বাচনী ব্যয়ের সীমা ১৫ লাখ টাকার পরিবর্তে ২৫ লাখ টাকা করা হয়েছে। ৪৪/সিসিসি ধারা সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে দলীয় প্রধানের যে ব্যয় হবে, তা নির্বাচনী ব্যয় হিসেবে বিবেচিত হবে না। ৯০/এফ ধারায় বলা হয়েছে, নির্বাচনে রাজনৈতিক দলের তহবিলে একজন ব্যক্তি অনুদান হিসাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা দিতে পারবে। বিদ্যমান আইনে একজন ব্যক্তি সর্বোচ্চ পাঁচ লাখ এবং প্রতিষ্ঠান ২৫ লাখ টাকা অনুদান হিসেবে দিতে পারেন।
আজ দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১৩ সংসদে পাসের জন্য দিনের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হলেও শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরীর অনুরোধে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
সব শেষে সংসদে অধিবেশন ৪ নভেম্বর সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত স্থগিত করা হয়।