নিজে কঠিন সংযমের মধ্যে দিনযাপন করলেও নিজের সংগঠন আওয়ামী লীগকে সংযমের মধ্যে আনতে পারেননি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। দল কিংবা সরকারে নিজেকে অপরিহার্য না করে দেশের সেবায় আত্মনিয়োগ করেছিলেন তিনি। দেশের মানবসম্পদের ওপর ভরসা রেখে তিনি ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। এ জন্য শর্তযুক্ত বিদেশি ঋণ ও আমলাতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর এ অবস্থান কত বেশি প্রাসঙ্গিক ছিল, তা আজকের প্রেক্ষাপটে বোঝা যায়।গতকাল শুক্রবার চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ‘তাজউদ্দীনের রাষ্ট্রভাবনা শীর্ষক’ স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সমাজ সমীক্ষা সংঘ আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের স্মারক বক্তৃতা পড়ে শোনানো হয়।স্মারক বক্তৃতা প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান বখতেয়ার নুর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সাবেক সেনাপ্রধান হারুনুর রশীদ বীরপ্রতীক, কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক আবেদ খান ও আবদুন নুর।বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি জাতীয় চার নেতা হত্যারও বিচার দাবি করেন। আলোচনা শেষে তাজউদ্দীনের জীবন ও কর্ম নিয়ে তানভীর মোকাম্মেল নির্মিত প্রামাণ্যচিত্র নিঃসঙ্গ সারথী প্রদর্শন করা হয়। এ ছাড়া অনুষ্ঠানের পাশাপাশি তাজউদ্দীনের জীবন ও কর্মের বিভিন্ন চিত্র নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।