দল বিবেচনায় না নিয়ে সৎ প্রার্থীকে নির্বাচিত করার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে দল ও প্রতীককে বিবেচনায় না নিয়ে সৎ প্রার্থীকে নির্বাচিত করতে হবে। এ জন্য সুজনের কর্মীদের সর্বস্তরের মানুষের কাছে যেতে হবে। দেশপ্রেমিক, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিরা নির্বাচনে জয়ী হতে না পারলে উন্নয়ন থমকে যাবে। দেশ পরিবর্তন হবে না। তাই এখন থেকেই নাগরিকদের সচেতন করতে হবে। পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করতে হবে। গতকাল শুক্রবার সকালে কুমিল্লায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে আয়োজিত এক আঞ্চলিক পরিকল্পনা সভায় বক্তারা এ কথা বলেন। এতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সুজনের সদস্যরা উপস্থিত ছিলেন।সকাল ১০টায় কুমিল্লা টাউন হলের সম্মেলন কক্ষে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন সুজন কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার। সভায় বক্তব্য দেন সুজনের কুমিল্লা জেলা কমিটির সভাপতি মমিনুল হক চৌধুরী, সম্পাদক আলী আকবর মাসুম, সুজন কুমিল্লা মহানগরের সভাপতি শফিকুর রহমান, সম্পাদক প্রহ্লাদ দেবনাথ, লাকসাম নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, সাবেক উপসচিব জহিরুল হক চৌধুরী, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর, কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ূন কবীর মাসউদ ও চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার। সভায় বদিউল আলম মজুমদার বলেন, ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগণই গণতন্ত্রের রক্ষাকবচ। তাই জনগণকে সঙ্গে নিয়ে সৎ প্রার্থী খুঁজে বের করতে হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে কোনো অযোগ্য ব্যক্তিকে সাংসদ নির্বাচিত করা যাবে না। তাই সুজন আগামী নির্বাচনের জন্য এখন থেকেই মাঠপর্যায়ে কাজ শুরু করে দিয়েছে।’