দল বেঁধে তাঁরা মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের পৌরসভা নির্বাচনে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ থেকে দলাদলিতে ব্যস্ত কোনো নেতাকে নয়, বরং কেন্দ্র থেকে দলীয় মেয়র প্রার্থী করা হয় তহমিনা আখতার মোল্লাকে। একটা অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যেই কোন্দলে ব্যস্ত থাকা নেতাদের এড়িয়ে তাঁকে মনোনয়ন দেয় কেন্দ্র।
এতে শুরুতে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর প্রচারণায় কিছুটা সমন্বয়হীনতা দেখা দেয়। কিন্তু এ সীমাবদ্ধতা কাটিয়ে এক হয়ে দলীয় প্রার্থীর হয়ে কাজ করার ঘোষণা দেন নেতা-কর্মীরা। আওয়ামী লীগের স্থানীয় নেতারা দল বেঁধে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জুলফিকার আলী ভুট্টো বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে নামার। সে অনুযায়ী গতকাল বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক কুরাইশীর নেতৃত্বে শহরের নর্থ সার্কুলার সড়ক, শহীদ মোহাম্মদ আলী সড়ক, বঙ্গবন্ধু সড়কসহ কয়েক জায়গায় দলীয় মেয়র প্রার্থী তহমিনাকে নিয়ে প্রচারণা চালানো হয়। প্রচারণায় মেয়র প্রার্থীপ্রত্যাশী ও বর্তমান মেয়র এস এম এ মঈন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম গোলাম ফারুক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ, সহসভাপতি মাহবুবুর রহমান বাবলু, আবদুল মান্নান, মোহাম্মদ আলী মুফতি, দীপক কুমার রায়সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা পৌরবাসীকে দলের মেয়র প্রার্থী তহমিনা আখতারকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, ‘দলীয় মেয়র প্রার্থী নিয়ে আওয়ামী লীগের ভেতরে অসন্তোষ আছে বলে শহরে আলোচনা আছে। এসব আলোচনা বন্ধ করতেই আমরা জননেত্রী শেখ হাসিনাঘোষিত মেয়র প্রার্থীর পক্ষে এক হয়ে কাজ করছি। পৌরসভায় জয়ী হয়ে জননেত্রীকে এ আসনটি উপহার দিতে চাই।’
জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রহিম উল আলম বলেন, ‘সবাই এক হয়ে আন্তরিকভাবে কাজ করলে দলের সভানেত্রীকে এ পৌর আসনটি উপহার দেওয়া কঠিন কিছু নয়। আর হেরে গেলে বুঝতে হবে নেতাদের এককাট্টা শুধুমাত্র লোক দেখানো ছিল।’
আওয়ামী লীগের কর্মী শাহনাজ বেগম বলেন, ‘নেতারা এভাবে এক হলে আমরা যেকোনো নির্বাচনে জয়ী হব।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী এস এম এ মঈন বলেন, ‘গত নির্বাচনে আমি প্রার্থী হয়ে জয়লাভ করেছিলাম। কিন্তু দল এবার আমাকে মনোনয়ন দেয়নি। তাই বলে নির্বাচন থেকে দূরে সরে থাকব, এটা ঠিক না। তাই আজ নির্বাচনের মাঠে নেমেছি।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মকবুল হোসেন বলেন, ‘শুরুতে কিছুটা সমন্বয়হীনতা ছিল। এখন সেটা কেটে গেছে। জেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিদিন বিভিন্ন মহল্লায় এখন প্রচারণা চলবে। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। শেষ পর্যন্ত আমরাই জয়লাভ করব।