দল বেঁধে ভোট দিলেন বিএনপির নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে গতকাল জেলা বিএনপির আহ্বায়ক মো. তৈমুর রহমান ভোট দিচ্ছেন। ছবিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা l প্রথম আলো
ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে গতকাল জেলা বিএনপির আহ্বায়ক মো. তৈমুর রহমান ভোট দিচ্ছেন। ছবিটি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তোলা l প্রথম আলো

জেলা পরিষদ নির্বাচনে নেই বিএনপি-জামায়াতপন্থী কোনো নেতা। তাঁদের দাবি, ‘রসিকতা’র এই নির্বাচন সংবিধান পরিপন্থী। সেই নির্বাচনেই ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত নেতারাও দল বেঁধে গিয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন আবার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদেরই।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচনে চেয়ারম্যান পদে মু. সাদেক কুরাইশী ও কাউন্সিলর পদে আরও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাই গতকাল বুধবার কেবল ১৩টি সদস্য পদে ভোট হয়। সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
দুপুর পৌনে ১২টার দিকে একসঙ্গে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলমগীর হোসেন ও ফোরাতুন নাহার। আলমগীর জেলা জামায়াতের প্রচার সম্পাদক। ফোরাতুন জেলা মহিলা দলের আহ্বায়ক।
ফোরাতুন নাহার প্রথম আলোকে বলেন, ‘ভোট আমার নাগরিক অধিকার। সে কারণে আমরা নির্বাচন বর্জন করে প্রার্থী না দিলেও ভোট দিতে এসেছি। যে নির্বাচনে কেবল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী অংশ নিচ্ছেন, সেখানে তাঁদেরই ভোট দিতে হয়েছে।’
বেলা পৌনে একটার দিকে একই ভোটকেন্দ্রে আসেন ঠাকুরগাঁও পৌরসভার ১২ জন কাউন্সিলর। তাঁদের মধ্যে ছয়জন বিএনপি ঘরানার। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান বলেন, বিএনপি ভোট বর্জন করেছে। কিন্তু ভোট প্রতিহত করার ঘোষণা দেয়নি। বিষয়টি নিয়ে তাঁরা জেলা নেতাদের সঙ্গেও আলাপ করেছেন। তাঁরা ভোটাধিকার প্রয়োগের বিষয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে বলেছেন।
বেলা দেড়টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তৈমুর রহমান।
এ ছাড়া রানীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আইনুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা মহিলা দলের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান নাজমা পারভীনও ভোট দিয়েছেন।
বাড়ির পাশেই ভোটকেন্দ্র হওয়ায় নির্বাচন দেখতে এসেছিলেন শহরের হাজিপাড়া মহল্লার বাসিন্দা জয়নাল আবেদিন। তিনি বলেন, বিএনপির নেতারা জেলা পরিষদের ভোটকে সংবিধান পরিপন্থী ও রসিকতার ভোট বলে আখ্যায়িত করছেন। এ নির্বাচন দেশের গণতন্ত্রকে আরও ধ্বংস করবে বলেও বক্তব্য দিয়েছেন। তাঁরাই আবার দল বেঁধে ভোট দিয়েছেন। এটা আবার কোন রসিকতা?
জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান বলেন, ‘বিএনপি নির্বাচন বর্জন করেছে, এটা ঠিক। তবে ভোট না দেওয়ার ক্ষেত্রে দলীয় কোনো নির্দেশনা ছিল না। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি। এরপরই ভোট দিতে এসেছি।’
তবে ভোটার হয়েও জেলা পরিষদের এ নির্বাচনে ভোট দেননি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিন। তিনি বলেন, ‘বিএনপি জেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে। সেই নির্বাচনে ভোট দেওয়া নৈতিক মনে করিনি বলে ভোটকেন্দ্রে যাইনি।’