দল বেঁধে মাছ শিকার
একসময় খাল-বিল ও নদী-নালায় দল বেঁধে লোকজন মাছ শিকার করতেন। এখন সেই খাল-বিল ও নদী-নালার অধিকাংশই পানি শূন্য থাকে। এ কারণে আগের মতো আর দল বেঁধে মাছ শিকারের দৃশ্য তেমন চোখে পড়ে না।
তবে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা গ্রামের বাসিন্দারা গ্রামবাংলার সেই ঐতিহ্য ধরে রেখেছেন। প্রতিবছর ওই গ্রামের বাসিন্দারা চাবিজাল দিয়ে দল বেঁধে নদীতে মাছ শিকার করেন।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের ছোট যমুনা নদীতে এক-দেড় শ মানুষ সারিবদ্ধভাবে চাবিজাল দিয়ে মাছ শিকারে নেমেছেন। এঁদের বয়স ১৫ থেকে ৭০ এর মধ্যে। ৭০ বছর বয়সী রশিদ নামের এক ব্যক্তি এক, দুই ও তিন বলার সঙ্গে সঙ্গে সবাই চাবিজাল দিয়ে নদীতে মাছ শিকার করতে শুরু করলেন। কিছু দূর এগোতেই রহমান ও পিন্টু নামের দুই ব্যক্তির চাবিজালে দুটি বোয়াল মাছ আটকা পড়ে। বোয়াল ওপরে টেনে তুলতেই সবাই হাত তালি দিয়ে তাঁদের স্বাগত জানালেন। নদীর পাড়ে দাঁড়িয়ে লোকজন এই দৃশ্য দেখছিলেন।
দলনেতা আবদুর রশিদ জানান, ৫০-৬০ বছর আগে তাঁদের গ্রামের লোকজন দলবদ্ধভাবে মাছ শিকার শুরু করেছিলেন। এখনো সপ্তাহে তিন দিন করে এক মাস তাঁদের মাছ শিকারের উৎসব চলে। মাছ শিকারের ভাগ কাউকে দিতে হয় না।