
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো গঠনতন্ত্র সংশোধন করলেও দলগুলোতে প্রত্যাশিত পর্যায়ে গণতান্ত্রিক চর্চার ঘাটতি রয়েছে। প্রার্থী মনোনয়ন-প্রক্রিয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং অর্থের প্রভাব বিরাজমান। জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে স্বল্প মেয়াদে নেওয়া এমন অনেক পরিকল্পনা বাস্তবায়ন হয়নি৷
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল: বাস্তবায়নের অগ্রগতি’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে এই কৌশল বাস্তবায়নে সরকারি-বেসরকারি পর্যায়ে সব অংশীজনদের মধ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কে ব্যাপক প্রচার করাসহ ১০টি সুপারিশ করা হয়েছে।
দুর্নীতি প্রবণতা বৃদ্ধি রোধসহ কয়েকটি উদ্দেশ্য নিয়ে ২০১২ সালের অক্টোবরে ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল তৈরি করে সরকার। এই কৌশল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উপদেষ্টা পরিষদ, অর্থমন্ত্রীর নেতৃত্বে নির্বাহী কমিটি ও মন্ত্রিপষিদ সচিবের তত্ত্বাবধায়নে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে বাস্তবায়ন ইউনিট রয়েছে। কৌশল বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বল্প মেয়াদের পরিকল্পনা বাস্তবায়নের মেয়াদ ছিল এক বছর। টিআইবি চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এই গবেষণা পিরচালনা করে৷
গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির কর্মসূচি সমন্বয়ক (গবেষণা ও নীতি) শাম্মী লায়লা ইসলাম ও সাধন কুমার দাস।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, স্বল্প মেয়াদের পরিকল্পনা বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো বেশ ঘাটতি রয়েছে। আরও বাস্তবায়নের প্রয়োজন আছে, সুযোগও আছে। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীকে জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্তর্ভুক্ত করার দাবি জানান।
প্রতিবেদনে বলা হয়, দশম জাতীয় সংসদে বিরোধী দলের নিয়মিত উপস্থিতি থাকলেও সরকারের গঠনমূলক সমালোচনার জায়গায় ভূমিকা দৃশ্যমান নয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আয় ও সম্পদের বিবরণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা থাকলেও এ বিষয়ে কোনো অগ্রগতি নেই। কর্মপরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর দলীয় তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার কথা বলা হলেও এই স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠিত হয়নি৷ গণমাধ্যমের জন্য সরকারি বিজ্ঞাপন নীতি থাকলেও অনেক ক্ষেত্রে তা অনুসরণ না করে রাজনৈতিক বিবেচনায় বিজ্ঞাপন দেওয়া হয়৷ সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশের জন্য সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো উদ্যোগ নেই। প্রেস কাউন্সিলের ভূমিকা জোরদারেও অগ্রগতি নেই।
প্রতিবেদনে আরও বলা হয়, কঠোরভাবে খাদ্য ও পণ্যের ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন হয়নি। ন্যায়পাল নিয়োগ হয়নি৷ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পদ্ধতি, নীতি ও কার্যপ্রণািল প্রণীত হয়নি। পরিকল্পনা অনুসারে আইনি সংস্কারের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সক্ষমতা বৃদ্ধি ও তদন্ত পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়নি। স্থানীয় সরকারে সাংসদ ও সরকারি কর্মকর্তাদের ভূমিকা ও এখতিয়ার সুনির্দিষ্ট করে দেওয়ার কথা থাকলেও এ বিষয়ে আইন সংস্কার করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজ উদ্দিন খান, উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের প্রমুখ।