দলগুলোর আয়-ব্যয় যাচাই করবে না ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব যাচাই করবে না নির্বাচন কমিশন (ইসি)। কারণ, দলগুলো নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টিং প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষা করিয়ে হিসাব ইসিতে জমা দিয়েছে।
গতকাল রোববার ইসিতে সাংবাদিকদের এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। সে ক্ষেত্রে ইসি দলগুলোর কাছ থেকে এ হিসাব নিচ্ছে কেন, দলগুলোর দেওয়া হিসাব বিবরণীতে অসত্য তথ্যও থাকতে পারে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন বলেন, আইনে বলা আছে, সে জন্য নেওয়া হচ্ছে। আগেও ইসি কোনো দলের হিসাব যাচাই করেনি।
আওয়ামী লীগের আয় ১২ কোটি টাকা: গতকাল ছিল রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার শেষ দিন। এদিন আওয়ামী লীগের আয়-ব্যয়ের হিসাব দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ইসিতে জমা দেন। পরে দলের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস সাংবাদিকদের জানান, ২০১৩ সালে আওয়ামী লীগের আয় হয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা। ব্যয় ছয় কোটি ৫২ লাখ টাকা। বিগত সংসদ নির্বাচনে দুই হাজার ৬০৮ জনের কাছে মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে ছয় কোটি ৫২ লাখ টাকা। অন্যান্য আয়ের খাত হলো দলীয় নেতা-কর্মীদের চাঁদা, ব্যাংক আমানত, প্রাথমিক সদস্যদের ফি, প্রকাশনা বিক্রি ইত্যাদি। ব্যয়ের অন্যতম খাত হলো সভা-সেমিনার, অফিস ভাড়া, পোস্টার-প্রচারপত্র ও প্রকাশনা মুদ্রণ, সেবা খাতের বিল ইত্যাদি। দলটির হিসাব নিরীক্ষা করেছে এস এম জাকারিয়া অ্যান্ড কোং। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের নির্বাচন কমিটির সদস্য এ বি এম রিয়াজুল করিম।
গত ৮ আগস্ট ইসিতে জমা দেওয়া বিএনপির আয়-ব্যয়ের হিসাবে দেখা যায়, দলটির আয় ৭৬ লাখ ৫ হাজার ৭৬২ টাকা এবং ব্যয় দুই কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা।
ইসি সচিবালয় সূত্র জানায়, গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধিত ৪০টি দলের মধ্যে বাংলাদেশ সাম্যবাদী দল (এমএল) ও বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি।