বর্তমান অবস্থায় প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা সৃষ্টির ব্যাপারে নির্বাচন কমিশন (ইসি) কোনো ভূমিকা রাখতে পারবে না। তবে দলগুলো যদি ভরসা রাখে, তারা যদি সহযোগিতা চায়, সে ক্ষেত্রে আলোচনার পথ উন্মুক্ত করার উদ্যোগ নিতে পারে কমিশন। গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ এসব কথা বলেন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ একাধিকবার বলেছেন, দুই দলকে একসঙ্গে বসানোর দায়িত্ব কমিশনের নয়।
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির অবস্থান বিপরীতমুখী। আওয়ামী লীগ বলছে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বিএনপি বলছে, নির্বাচনের জন্য আলাদা সরকার গঠন করতে হবে।
কমিশনার শাহনেওয়াজ বলেন, বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে বিস্তর ফারাক। এই অবস্থায় তাদের মধ্যে মধ্যস্থতার ব্যাপারে কমিশন কোনো ভূমিকা রাখতে পারবে বলে মনে হচ্ছে না। সমস্যার সমাধান তাদেরই করতে হবে। তবে তারা আস্থা রাখলে, সহায়তা চাইলে উদ্যোগ নেওয়া যেতে পারে।
সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন নিবন্ধিত দলগুলোর মতামত নিয়েই নির্বাচনের তফসিল নির্ধারণ করবে বলেও জানান শাহনেওয়াজ। তিনি বলেন, ‘আমরা আশা করি, সব দলই নির্বাচনমুখী হবে। কমিশন রাজনৈতিক দলগুলোর সুবিধা-অসুবিধার কথা বিবেচনায় রেখেই নির্বাচনের তারিখ ঠিক করবে। তার আগে এ বিষয়ে দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনাও হতে পারে।’
শাহনেওয়াজ জানান, সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতিমূলক কাজ চলছে। অক্টোবরের শেষ সপ্তাহ থেকে ক্ষণ গণনা শুরু হবে। কমিশন যথেষ্ট সময় দিয়েই তফসিল ঘোষণা করবে। তবে এখন পর্যন্ত ভোট গ্রহণের জন্য বিশেষ কোনো মাসকে বেছে নেওয়া হয়নি।
গতকাল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী নির্বাচনী আইন লঙ্ঘন করে সরকারি খরচে বিভিন্ন জায়গায় ‘নৌকা’ মার্কার পক্ষে ভোট চেয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ শাহনেওয়াজ বলেন, নির্বাচনী আচরণবিধি তফসিল ঘোষণার পর কার্যকর হয়। তার আগে এ-জাতীয় বিষয় দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো দল বা প্রার্থী ভোট গ্রহণের পূর্ববর্তী তিন সপ্তাহের আগে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। তবে এই বিধান কার্যকর হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর।