দলগুলো সমঝোতার একটি কৌশল বের করবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, বাংলাদেশে পরবর্তী নির্বাচনের জন্য বড় দলগুলো নিজেদের মধ্যে সমঝোতার একটি কৌশল বের করবেই। এ ব্যাপারে তিনি আশাবাদী।গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় তাঁর পাঁচ দিনের সফর গতকাল শেষ হয়েছে।মার্কিন রাষ্ট্রদূত বলেন, গঠনমূলক সংলাপের মাধ্যমে অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক একটি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো সমঝোতায় পৌঁছাবে—এটাই যুক্তরাষ্ট্র চায়।মজিনা বলেন, তৈরি পোশাক শিল্প, গৃহস্থালি বস্ত্র, ওষুধ, চামড়া পণ্য ও রেশম রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অনেক সম্ভাবনা রয়েছে। দেশের এই সম্ভাবনাময় মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোনো অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হোক, বাংলাদেশের মানুষ সেই ঝুঁকি নিতে চাইবে না।তিস্তার পানি বণ্টন প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘এটা একটা জটিল ইস্যু। আমি বিশ্বাস করি, ভারতের কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ সরকার ও বাংলাদেশ সরকার এই সমস্যা সমাধানে একটা পথ বের করবে, যা হবে দুই দেশের মানুষের জন্যই ভালো।’ বিকেলে মার্কিন রাষ্ট্রদূত তাঁর সফরসঙ্গীদের নিয়ে ট্রেনে করে ঢাকার উদ্দেশে রওনা হন। বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন: আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, রাষ্ট্রদূত মজিনা গতকাল সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন। জাদুঘরের প্রত্নসামগ্রী ও প্রাচীন পুঁথির সংগ্রহ ঘুরে দেখার পাশাপাশি তিনি জাদুঘরের রক্ষণাবেক্ষণ ও পুনঃ সজ্জিতকরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।এর আগে বুধবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহানের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। তাঁরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।