দলগুলোকে আলোচনায় বসার আহ্বান মজিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বড় রাজনৈতিক দলগুলোকে সময়মতো সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। গতকাল মঙ্গলবার মানবাধিকার সংস্থা অধিকারের কার্যালয় পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।গুলশানে অধিকারের কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন মজিনা। এ সময় অধিকারের সভাপতি সি আর আবরার, সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান, পরিচালক নাসিরউদ্দীন এলান, সদস্য সায়রা রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের সেরা তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। এদের ওষুধ বিশ্ববাজারে যাচ্ছে, তথ্যপ্রযুক্তিও অনেক দূর এগিয়েছে, এমনকি এ দেশ থেকে জাহাজও রপ্তানি হচ্ছে। এখন বাংলাদেশের প্রয়োজন অবকাঠামো, জ্বালানি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ইত্যাদি। আর এর সঙ্গে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা।’ মজিনা বলেন, পরের নির্বাচনটা সুষ্ঠু আর সময়মতো করার জন্য সব দলের অংশগ্রহণে আলোচনা প্রয়োজন। সব কটি দলকে নির্বাচনের স্বার্থেই আলোচনার টেবিলে আসতে হবে। তাহলেই কেবল সোনার আর স্বনির্ভর বাংলাদেশ সম্ভব।র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পেশাদার আচরণের আহ্বান জানান মজিনা। তিনি বলেন, মানবাধিকার রক্ষা হলো গণতন্ত্রের নিদর্শন। এ জন্য মার্কিন সরকার বাংলাদেশের পুলিশ, র‌্যাব, গণমাধ্যমকর্মী, এমনকি আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করেছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের মানবাধিকার-পরিস্থিতি পর্যালোচনার জন্য অধিকারের কার্যালয় পরিদর্শন।