
সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের পাশাপাশি দেশের রাজনৈতিক দলগুলোকেও এগিয়ে আসতে হবে এবং সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, আলোচনা বা সংলাপ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কমাতে পারে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার উদ্যোগ নিতে হবে। রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন গঠন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলমান আলোচনার অংশ হিসেবে গতকাল মঙ্গলবার খেলাফত মজলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতি দল দুটির নেতাদের এ কথা বলেন।
রাষ্ট্রপতির সঙ্গে গতকাল প্রথমে আলোচনায় অংশ নেয় খেলাফত মজলিস। দলটি সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনার নিয়োগ দিতে আইন প্রণয়নসহ রাষ্ট্রপতিকে সাত দফা প্রস্তাব দেয়।
১১ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের। আলোচনা শেষে বঙ্গভবনের ফটকের সামনে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনকালীন সময়ের জন্য সংবিধানের ভেতর থেকে একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠন করা যেতে পারে। সে ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নির্বাচনকালীন সরকারের প্রধানের দায়িত্ব পালন করবেন। বিদায়ী সংসদ ভেঙে দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। প্রয়োজনে সংবিধানে সংশোধন আনতে হবে।
এরপর জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে। তাঁরা একটি স্বাধীন, স্বায়ত্তশাসিত ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সুস্পষ্ট আইন প্রণয়নের প্রস্তাব করেন।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রপতি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এবং জাকের পার্টির সঙ্গে আলোচনা করবেন।
জানতে চাইলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আপাতত আলোচনা কাল (আজ বুধবার) শেষ হবে। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবগুলো পর্যালোচনা করবেন। এরপর রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।’