দলগুলোকে সংলাপের মাধ্যমেই সমাধান খুঁজতে হবে: শারমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়ে মতবিরোধ দূর করতে প্রধান দুই দলসহ সব রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। এর মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে অবাধ, নিরপেক্ষ ও অংশীদারিমূলক নির্বাচন নিশ্চিত হবে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর শারমেন গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি এদিন বিকেলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। শারমেন বলেন, বাংলাদেশের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করার অংশ হিসেবে ১৯ এপ্রিল নিরাপত্তাবিষয়ক এক সংলাপ অনুষ্ঠিত হবে।পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে তাঁর প্রথম বাংলাদেশ সফর নিয়ে সন্তোষ প্রকাশ করেন ওয়েন্ডি শারমেন। তিনি বলেন, ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন যুক্তরাষ্ট্রকে যে বিস্মিত করেছে, সেটি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। বাংলাদেশের গণতন্ত্রের এক ঘনিষ্ঠ সহযাত্রী যুক্তরাষ্ট্র। আমরা মনে করি, উন্নয়নের জন্য টেকসই গণতন্ত্র অপরিহার্য। আগামী নির্বাচন অংশীদারিমূলক, অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা করছি।’ আগামী নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য সরিয়ে কীভাবে মতৈক্য হতে পারে, তা জানতে চাইলে মার্কিন আন্ডার সেক্রেটারি বলেন, ‘আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে কী কী পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং কোনটি বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে তা নিয়ে আলোচনা করতে হবে। বাংলাদেশের জনগণকে তাঁদের নেতাদের এ নিয়ে আলোচনার মাধ্যমে পথ খোঁজার জন্য বলতে হবে।’আন্ডার সেক্রেটারি জানান, নিরাপত্তা নিয়ে আলোচনা করতে ১৯ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামরিক ও রাজনীতিবিষয়ক প্রতিমন্ত্রী এন্ড্রু জে শেপিরো ঢাকায় আসছেন। তিনি বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে আমরা দক্ষিণ এশিয়ায় যেসব ঝুঁকির মুখোমুখি হচ্ছি, তা নিয়ে স্বচ্ছতার সঙ্গে আলোচনা করব।’ ব্যাপকতর সংলাপের প্রস্তাব: পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দেশের মধ্যে ব্যাপকতর অংশীদারি সংলাপের প্রস্তাব দিয়েছেন ওয়েন্ডি শারমেন। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্কের সবগুলো বিষয়ে আলোচনার লক্ষ্যে একটি যৌথ কমিশন গঠন করা যেতে পারে।