দলগুলোর মধ্যস্থতা করা ইসির কাজ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলগুলোর মধ্যস্থতা করা নির্বাচন কমিশনের (ইসি) কাজ নয়। ইসি সেটা করতেও চায় না। নির্বাচনের সময় কোন ধরনের সরকার থাকবে, তা-ও ইসির দেখার বিষয় নয়। সরকারের ঠিক করে দেওয়া নির্বাচন পদ্ধতিতে ইসিকে নির্বাচন করতে হয়।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপের দ্বিতীয় দিনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তাঁরা দলগুলোর কথা শুনবেন। এটা হবে শুধু সংলাপ। কে নির্বাচনে আসবে বা আসবে না, সেই ‘ইস্যু’ এখানে থাকবে না। সিইসি বলেন, ইসি কারও চাপের কাছে নতি স্বীকার করবে না। কারও চাওয়া না-চাওয়া নয়, পরিস্থিতি বিবেচনায় সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

গতকাল বিভিন্ন টেলিভিশন, রেডিওর ২৬ জন প্রতিনিধি সংলাপে অংশ নেন। এর আগে গত বুধবার পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সংলাপে প্রধান দুই দলের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়ার জন্য ইসিকে পরামর্শ দিয়েছিলেন কেউ কেউ। তবে গতকাল কয়েকজন সাংবাদিক মত দেন, নির্বাচনে সব দলকে আনা বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা ইসির কাজ নয়। ইসির কাজ অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা, যারা নির্বাচনে আসবে, তারা যেন সমান সুযোগ পায় সেটা নিশ্চিত করা।

প্রথম দুই দিন রুদ্ধদ্বার হলেও গতকাল সম্মেলনকক্ষের বাইরে বড় পর্দায় সরাসরি এই সংলাপ দেখানো হয়। সংলাপের শেষ দিকে প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, অনেক আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এসেও দেশে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করতে পারেনি। তাই ইসি দলগুলোর মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চায় না। সিইসির ভাষায়, ‘আমি কেন চাইব সেই রিস্ক নিতে? অযথা সময় নষ্ট করতে? এটা আমার কাজ না। ভেরি ফার্মলি—এটা আমার কাজ না।’

বাংলা ভিশনের বার্তাপ্রধান মোস্তফা ফিরোজ সিইসির কাছে জানতে চান, দলীয় সরকারের অধীনে নির্বাচনকে ইসি চ্যালেঞ্জ মনে করে কি না, তত্ত্বাবধায়ক বা সহায়ক সরকার থাকলে কোনটার অধীনে নির্বাচনে ইসি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে?

জবাবে নুরুল হুদা বলেন, ‘আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের ওপর নির্ভরশীল একটা নির্বাচন দেখেছি। কিন্তু শেষের দিকের অবস্থা কী ছিল? তত্ত্বাবধায়ক সরকারের যে আবেদন, শেষের দিকে সেই গ্রহণযোগ্যতা ছিল? ছিল না। কারণ রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, তখন দেখেন যেকোনো লোক পাঁচ বছর পর রিটায়ারমেন্টে যাবেন, তিনি কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হবেন। সে রকম হিসাব-নিকাশ দেশে হয়নি? বলুন আপনারা, হইছে কি না? যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যবস্থা তো দাঁড়াতে পারেনি, সেই ব্যবস্থা ধরে রাখতে পারেনি।’

এই পর্যায়ে মোস্তফা ফিরোজ বলেন, যদি মনে করেন মাঠ অনুকূল না। নির্বাচনের দেড় মাস বা দুই মাসের ব্যবধানে একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। সে ক্ষেত্রে আপনি কী করবেন?

জবাবে সিইসি বলেন, ‘যদি’ নিয়ে এত আগে কথা বলা ভুল হয়ে যাবে।

এই পর্যায়ে মোস্তফা ফিরোজের উদ্দেশে একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু প্রশ্ন রাখেন, ‘মাঠ অনুকূল না মানে কী? বিএনপি জিতল কি না? মানে, কী অবস্থাটা হলে তোমার মনে হয় মাঠ অনুকূল?’

তখন মোস্তফা ফিরোজ বলেন, এখন থেকেই নির্বাচনের পরিবেশ অনুকূল কি না, সেটা জানতে চেয়েছেন। জবাবে সিইসি বলেন, ইসি অনুকূল অবস্থানে এবং শতভাগ আস্থাশীল অবস্থানে আছে। কেউ ইসিকে এখন পর্যন্ত ‘ডিস্টার্ব’ করেনি।

নির্বাচনকালীন সরকার প্রশ্নে সিইসি বলেন, নির্বাচনের সময় কী ধরনের সরকার থাকবে, সে ব্যাপারে কমিশনের কোনো ভূমিকা নেই। ইসি একটি টেকনিক্যাল প্রতিষ্ঠান। সরকার যে নির্বাচন পদ্ধতি ঠিক করে দেয়, সেভাবেই নির্বাচন করতে হয়। একসময় ‘হ্যাঁ-না’ ভোট, কখনো তত্ত্বাবধায়কের অধীনে ভোট ছিল, ইসি করেছে। এখন বর্তমান সরকারের অধীনে নির্বাচন করতে হলে ইসি করবে। যদি সরকার এই বিধান পরিবর্তন করে, তাহলে সেইভাবে হবে। যে সরকারই থাকুক, ইসি নির্বাচনের ব্যাপারে আপস করবে না। ইসি একটি স্বাধীন সত্তা। ইসি কারও চাপে নতি স্বীকার করবে না। এটাই যথেষ্ট।

সিইসি বলেন, ইসির কারও প্রতি দুর্বলতা বা শত্রুতা নেই, আকর্ষণ-বিকর্ষণও নেই। ইসির আকর্ষণ-বিকর্ষণ আইনের প্রতি। নির্বাচনের মাঠে অনেক সমস্যা ও জটিলতা আছে। অন্য দেশের তুলনায় এই সমস্যা এখানে বেশি। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক দীর্ঘস্থায়িত্ব এখানে কম।

চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ বলেন, নির্বাচনের সময় ফলাফল প্রকাশে টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা দেখা যায়। এ জন্য রিটার্নিং কর্মকর্তার ঘোষণার আগে ফল প্রকাশ না করা বা কেন্দ্রীয় এক জায়গা থেকে ফল ঘোষণা এবং রিটার্নিং কর্মকর্তারা যাতে দ্রুত ফল ঘোষণা করেন, তা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। সংলাপে অংশ নেওয়া কয়েকজন ফল ঘোষণা নিয়ে শাইখ সিরাজের বক্তব্যের বিরোধিতা করেন।

সংলাপে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সংলাপ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এক সংবাদ সম্মেলনে বলেন, গণমাধ্যম প্রতিনিধিদের বেশির ভাগ বলেছেন, অনুকূল পরিবেশ থাকলে সেনা মোতায়েন না করা ভালো, ইসি প্রয়োজন মনে করলে তা করবে। এ ছাড়া ‘না’ ভোটের প্রবর্তন, দেশের সব ভোটকেন্দ্রে টিভি চ্যানেলগুলোকে ভোট পর্যবেক্ষণ করার সুযোগ দেওয়া, পর্যবেক্ষক নিয়োগে সতর্ক থাকা, প্রচারে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, দল নিরপেক্ষ কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করা, গণমাধ্যমকর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রার্থীদের হলফনামা পরীক্ষা-নিরীক্ষা, স্বাধীনতাবিরোধীদের নিবন্ধন না দেওয়া, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, পরাজিত দলের সুরক্ষা নিশ্চিত করা, একাধিক দিনে ভোট করা, নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘন ঘন সংলাপ করাসহ বিভিন্ন পরামর্শ দিয়েছেন তাঁরা।

অন্যদের মধ্যে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন উর রশিদ, এনটিভির বার্তাপ্রধান খায়রুল আনোয়ার মুকুল, মাছরাঙা টিভির প্রধান বার্তা সম্পাদক রেজোয়ানুল হক রাজা, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, ইনডিপেনডেন্ট টিভির নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দীন, চ্যানেল ২৪-এর এডিটর ইনপুট তালাত মামুন, দেশ টিভির হেড অব নিউজ সুকান্ত গুপ্ত অলোক, যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, ভয়েস অব আমেরিকা বাংলাদেশের প্রতিনিধি আমির খসরু, নিউজ টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক হাসনাইন খুরশিদ, ডিবিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী প্রমুখ সংলাপে অংশ নেন।