সহিষ্ণুতার রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সমঝোতা সংসদীয় গণতন্ত্রকে মজবুত করে। তবে গত দুই দশকে দেশে এ ধারার রাজনীতি হয়নি। সামরিক সরকারগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়ায় চার দশকেও গণতন্ত্র পুরোপুরি বিকশিত হয়নি।বাংলাদেশের গণতন্ত্রের দুই দশক শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে সেমিনারটির আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, দেশের সংসদীয় কমিটি ব্যবস্থা বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো। কমিটির সভাপতি হন সাধারণ একজন সাংসদ আর ওই মন্ত্রণালয়ের মন্ত্রী হন কমিটির সদস্য। বিশ্বের কোনো দেশেই এটা দেখা যায় না। তিনি বলেন, ‘সংবিধানের ৭০ ধারা সম্পর্কে সবার মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। সবাই মনে করেন, এ ধারা অনুযায়ী নিজ দলের বিরুদ্ধে কথা বলা যাবে না। কিন্তু ধারাটির কোথাও বলা হয়নি যে সংসদ সদস্যরা নিজ দলের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবেন না।’ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন বলেন, সংবিধানের ৭০ ধারা যত দিন সংশোধন করা না হবে তত দিন দেশে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। সেমিনারে মূল প্রবন্ধে পাকিস্তানের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এম নজরুল ইসলাম বলেন, ১৯৯১ সাল থেকে দেশে অনুষ্ঠিত সব নির্বাচনে গণতন্ত্রের নিয়ম ও ধারা মেনে চলা হয়েছে। তবে এ সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার পরিস্থিতির অবনতি, দুর্নীতি ও রাজনৈতিক সংঘাতের পরিমাণ বেড়েছে। তিনি বলেন, গণতন্ত্রে বিভ্রান্তির কারণে সামরিক শক্তির ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা না হলে এমনটি হওয়া অস্বাভাবিক নয়।সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশের সভাপতি মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আল মাসুদ হাসানুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।