
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আইসব্রেকিং (বরফ গলা) শুরু হয়েছে। সন্তোষজনক পরিস্থিতির দিকে এগোচ্ছে।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের অবস্থানবিষয়ক এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
অফিস শেষে বের হওয়ার সময় সিইসি বলেন, আসন্ন নির্বাচন নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। সবাই শান্তিপূর্ণ নির্বাচন চায়। গণতন্ত্রের এটাই মূলমন্ত্র। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে বলেও আশা প্রকাশ করেন সিইসি।
আচরণবিধি নিয়ে কমিশন কাজ করছে। শিগগিরই এটি চূড়ান্ত হবে বলেও উল্লেখ করেন সিইসি। নির্বাচনের মাঠে যাতে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) থাকে, তা নিশ্চিত করার বিষয়ে কমিশন যত্নবান বলেও জানান তিনি।
কবে নাগাদ তফসিল ঘোষণা করা হতে পারে, জানতে চাইলে সিইসি বলেন, তফসিল ঘোষণা হলে সবাই জানতে পারবেন। ৩০ থেকে ৪৫ দিন সময় রেখে এটি ঘোষণা করা হবে। দুই থেকে চার দিন এদিক-সেদিক হতে পারে।