জাতিসংঘের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ দাবি বাস্তবায়নের দুটি উপায় তুলে ধরেছে দলটি।রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অস্কার ফারনান্দেজের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল শুক্রবার বিকেলে সোনারগাঁও হোটেলে জামায়াতের সঙ্গে বৈঠক করে। জামায়াতের পক্ষে অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতা ও আইনজীবী আবদুর রাজ্জাক, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ও মতিউর রহমান আকন্দ। জাতিসংঘের প্রতিনিধিদলের অপর দুই সদস্য হলেন রাজনীতিবিষয়ক বিভাগের পরিচালক ইতোকি ডেন ও ক্রেগ জেনসেন। বৈঠকে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকারও উপস্থিত ছিলেন।বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, আসন্ন জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এখানে একটি সুন্দর নির্বাচন কীভাবে হতে পারে, সব দলের অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায়, এ বিষয়ে তাঁরা জামায়াতের মত জানতে চান। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছি। এটি দুটি উপায়ে হতে পারে—সব রাজনৈতিক দলের মতামত নিয়ে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অথবা সংবিধান সংশোধনীর মাধ্যমে হতে পারে।’ যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কোনো অভিযোগ করেছেন কি না—এ প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, জামায়াত বিদেশিদের কাছে অভিযোগ করবে, এটা হতে পারে না। আর আলোচনার বিষয়ও এটা ছিল না।জামায়াতের পর বিকেল পাঁচটায় একই স্থানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সঙ্গে বৈঠক করে জাতিসংঘ প্রতিনিধিদল। বৈঠক শেষে রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি মনে করেন, প্রধান দুই রাজনৈতিক জোটের ঐকমত্যের ভিত্তিতেই এর সমাধান হতে হবে।জাতিসংঘের মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে প্রতিনিধিদলটি গত বুধবার সকালে ঢাকায় আসে। ওই দিন দুপুরেই প্রতিনিধিদলের সদস্যরা নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। তাঁরা আজ শনিবার নাগরিক সমাজের প্রতিনিধি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে পৃথক বৈঠক এবং কাল রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সবশেষে প্রতিনিধিদলটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আলোচনার বিষয়টি তুলে ধরবে। পরে জাতিসংঘের মহাসচিবের কাছে বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন দেবেন বলেও জানা গেছে।