দলগ্রাম ইউপির ১০ সদস্য বরখাস্ত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রোগ্রামের (এলজিএসপি) প্রায় ১২ লাখ টাকা আত্মসাতের দায়ে ওই ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্যের মধ্যে ১০ জনকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউপি শাখা থেকে এ আদেশসংবলিত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বী।

গোলাম রাব্বী বলেন, শিগগিরই এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। যাঁদের নামে বরখাস্তের আদেশ এসেছে, তাঁরা হলেন আবদুল আজিজ, গোলাপ হোসেন, মিরাজ উদ্দিন, ধনেশ্বর রায়, মোজাফ্ফর হোসেন, কাবেজ আলী, আবু হোসেন, হামিদা বেগম, মিনতী রানী ও হেমলতা রায়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে উপজেলার ৪ নম্বর দলগ্রাম ইউনিয়নে এলজিএসপির (দ্বিতীয় পর্যায়) আওতায় ১১ লাখ ৫৮ হাজার ৫৮৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থে পুরোনো ইউপি ভবন সংস্কার, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হওয়ার কথা। কিন্তু এসব কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এর ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি হয়। তদন্তে অভিযোগের সত্যতা পায় কমিটি।

১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল আজিজ বলেন, ‘আমিও লোকমুখে বরখাস্তের কথা শুনেছি। এখনো চিঠি পাইনি। ওটা পেলে তারপর করণীয় ঠিক করব।’ তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান তাহেজুল ইসলাম বলেন, ‘দলগ্রামের ১০ ইউপি সদস্যকে সাময়িকভাবে বরখাস্তের কথা শুনেছি। তবে বাকি মাত্র দুজন ইউপি সদস্য দিয়ে ইউনিয়ন পরিষদের কাজ চালানো কঠিন হয়ে পড়বে।’