দলছুট হয়ে মঠবাড়িয়ায় এসেছে একটি হনুমান
দলছুট হয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় চলে এসেছে একটি গাঢ় বাদামি রঙের পুরুষ হনুমান। তিন দিন ধরে হনুমানটি বারবার জায়গা বদল করে গতকাল শুক্রবার সকাল থেকে উপজেলার বড় মাছুয়া বাজারের কাছে রবি টাওয়ারে অবস্থান করছে।উপজেলা বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে উপজেলার তুষখালী বাজারের কাছে একটি গাছে হনুমানটিকে প্রথমে স্থানীয় লোকজন দেখতে পান। সেখান থেকে লোকজনের তাড়া খেয়ে হনুমানটি বৃহস্পতিবার সকালে আশ্রয় নেয় উত্তর বড় মাছুয়া গ্রামের ইউনুছ ফরাজীর বাড়ির একটি রেইনট্রি গাছে। এরপর গতকাল ভোরে হনুমানটি রেইনট্রি গাছ থেকে মাটিতে নেমে আসে। কিছুক্ষণ পর মানুষের উপস্থিতি বেড়ে গেলে হনুমানটি বড় মাছুয়া বাজারের কাছে রবি টাওয়ারে আশ্রয় নেয়। হনুমানটি দেখার জন্য গতকাল সকাল থেকে রবি টাওয়ারের কাছে উৎসুক মানষ ভিড় করে। হিন্দু সম্প্রদায়ের লোকজন হনুমানটিকে ভক্তি জানাতে খাদ্যসামগ্রী নিয়ে পূজা-অর্চনার আয়োজন করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার জানান, যশোর থেকে হনুমানটি কলাবোঝাই ট্রাকে উঠে মঠবাড়িয়ায় এসে দলছুট হয়ে পড়েছে। উপজেলা বন কর্মকর্তা তপনেন্দ্র নাথ সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে হনুমানটিকে না মারার জন্য বলা হয়েছে। হনুমানটি উদ্ধারের চেষ্টা চলছে।