দলবদলের দুই বছরে আ.লীগের মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ আগে বিএনপির রাজনীতি করতেন। ২০১৪ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। এখন একই পদে দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১ মে পূর্ব জুড়ীর ছোট ধামাই উচ্চবিদ্যালয় মাঠে সালেহ উদ্দিনের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন। অনুষ্ঠানে সালেহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ৫৩১ জন নেতা-কর্মীসহ আওয়ামী লীগে যোগ দেন।
দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ থেকে পূর্ব জুড়ী ইউনিয়নে সালেহ ছাড়াও দলের ইউনিয়ন কমিটির সভাপতি আদর উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কাদির এবং সাংগঠনিক সম্পাদক ও ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য মইনুল ইসলাম প্রার্থী ছিলেন। একক প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে দলের ইউনিয়ন কমিটির বর্ধিত সভা হলেও সেখানে প্রার্থীদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। পরে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে সব প্রার্থীর নাম পাঠানো হয়। সেখান থেকে সালেহকে মনোনয়ন দেওয়া হয়।
আদর উদ্দিন ও আবদুল কাদির বলেন, কেন্দ্রের সিদ্ধান্ত তাঁরা মেনে নিয়েছেন। তাঁরা মনোনীত প্রার্থীর (সালেহ) পক্ষে কাজ করবেন।