দলবদলের পর এখন চাওয়া মেয়র পদ!
কুমিল্লার নাঙ্গলকোট ও বরুড়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন চাইছেন বিএনপি থেকে আসা দুই নেতা। ইতিমধ্যে তাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে জোরালো আশাবাদও ব্যক্ত করেছেন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, নাঙ্গলকোট পৌর জামায়াতের সাবেক আমির এ কে এম মনিরুজ্জামান ২০০৯ সালের ২২ অক্টোবর স্থানীয় সাংসদ আ হ ম মোস্তফা কামালের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এর আগে তিনি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ থেকে জামায়াতে যোগ দিয়েছিলেন। পৌরসভা নির্বাচনে অংশ নিতে আগ্রহী এই নেতা গত সোমবার মনোনয়নপত্র কেনেন।অন্যদিকে কুমিল্লার বরুড়া পৌরসভায় আওয়ামী লীগের হয়ে মেয়র পদে নির্বাচন করতে চান কুমিল্লার বিশিষ্ট তেল ব্যবসায়ী আমির হোসেন। চলতি বছরের ১৭ অক্টোবর তিনি স্থানীয় সাংসদ নাছিমুল আলম চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। আমির হোসেন দীর্ঘদিন বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিগবাজি দেওয়া ওই দুই সম্ভাব্য মেয়র প্রার্থীকে নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, আওয়ামী লীগে সৎ, যোগ্য, শিক্ষিত ও ত্যাগী নেতা থাকা সত্ত্বেও ভিন্ন দল থেকে আসা প্রার্থীদের কোনোভাবেই মেনে নেবেন না তাঁরা।এ বিষয়ে জানতে চাইলে এ কে এম মনিরুজ্জামান বলেন, ‘সৎ, নামাজি ও মদ খায় না এমন লোককে আওয়ামী লীগ নিশ্চয়ই মনোনয়ন দেবে। এ ক্ষেত্রে সাংসদের পছন্দ আমি হতে পারি।’ নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন কালু বলেন, ‘পৌরসভা নির্বাচনে আমি নাঙ্গলকোট থেকে প্রার্থী হব। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আমাকে চায়।’ মনিরুজ্জামান আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে জামায়াতের পৌর আমির ছিলেন।বরুড়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আমির হোসেন বলেন, ‘পৌর নির্বাচন সামনে রেখে আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি। স্থানীয় সাংসদ আমাকে মনোনয়ন দেবেন।’ এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মো. আবদুল হাকিম বলেন, ‘বরুড়া পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বাহাদুরুজ্জামানই আওয়ামী লীগের প্রার্থী। নির্বাচনের কয়েক দিন আগে ভিন্ন মতাবলম্বী কেউ আওয়ামী লীগের প্রার্থী হতে পারে না।’