খুলনা সিটি করপোরেশন নির্বাচনে নিরপেক্ষ প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগ ও দলবাজ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানিয়েছে ঐক্যবদ্ধ নাগরিক ফোরাম। গতকাল শনিবার দুপুরে নগরের উদয়ন ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিং থেকে এ দাবি জানানো হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের প্রার্থী মো. মনিরুজ্জামান।
খুলনা নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে নগরের সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম কামরুজ্জামানসহ দলবাজ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ নাগরিক ফোরামের আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাজেদুল ইসলাম ও এম নুরুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি শাহরুজ্জামান মর্তুজা প্রমুখ।